কায়াকবরের কারু
ভূতের বসত যেথা
সহজ কিস্তিতে
আমাদের ভবিষ্যৎ গাঁথা।
অ্যালেন পোর
অসহায় মার্জারের মাথা
রক্তের পিচকারি,
দূর হয়ে যা যত অভাবের প্লাবন।
কবিতা-মুলতবি হাতে
নথির কুসুম ফোটে।
কে কবে তোমাকে বলে
বিভূতির কারবারি শুধু এক ভারবি!
শুদ্ধতার প্রসাধন জানি
ইতিউতি ঘাসের প্রমাদ।
যেমন নারীরা ঘুমোলেই জাগে
নারীর ভেতরের পরি;
অনিদ্রকালে তার ডানার কুঞ্চন
যথাসাধ্য পুরুষের প্রসার।
মনের মেঘ, প্রাণের পইখ
বজ্ররুদ্ধ দিগন্ত বখিল
আয় নেমে আয় জলের আয়াত।
আমাদের জাদুর ইশকুল
এবিসিডি অন্ধকার
আলোর বস্তা;
দ্যাখো সেতার-সহজ কী করে
বাদ সাধে
দিগ্বিদিক আমার আভায়।
মেনে নেওয়া অসুরের আলপনা
তারপর,
প্রাগতিক পথিকের সামূহিক বিকাশ
যৌথ শয়তানি
পবিত্র লিবিডো-খামার।
‘এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়’
নাকি ‘বিশুদ্ধ বিষ পাওয়া ভার’?
ভাষার সুর নিলে
নিতে হবে ভাষার বজ্জাতিও।
কথা কও কথা কও অগ্নিআগামী
জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দাও এখনই।
শবগোলাপের রহস্যগন্ধ তুমি
কোনো গোয়েন্দাগল্পের জন্য তুলে রাখো।
মৃত্যুর মিস্তিরি কাল আসুক বরং
আজ আপাতত তন্দুরি খাই গরম-গরম।