কোথাও নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুলচুক হয়ে যায় রোজ
অতটা তো সুদক্ষ সৈনিক নই
উত্তাল তরঙ্গতলে নিস্তরঙ্গ জলঘর শুধু চাই
গোড়ালিটা যদি পুঁতে দেওয়া যায় কোনোমতে
নিমগ্ন জলজ হয়ে যাব,
উড়ন্ত আকাশ যদি থেমে যায় কোনো দিন
ঝুঁকে পড়ে বলে, ‘আছ?’
তবে কিছুমাত্র না ভেবেই বলে দেব,
‘নেই, কোথাও নেই। মাছেদের সাথে ভেসে গেছি দূরে...।’
কিংবা হয়তো স্থলেও ছিলাম কোনো দিন
ছাতিম অথবা জারুলের অবয়বে কিংবা নেহায়েত
এক বেগুনি ফুলের ঘাসের আদলে;
অন্ধ এক রাতপোকাই হবে হয়তো
জোনাকির সাথে উড়ে উড়ে ফুরিয়ে ফেলেছি আলো,
‘অথচ দেখো জোনাকিরাও আজ কত দূর উড়ে গেছে
ঘরদোর ফেলে...’