কোনটা ঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখা তো যায় অনেক কিছুই
দেখাও যায় কিছু
দুপুর থেকেই একটা ফড়িং
আমার পিছু পিছু
ওই যে আসছে উড়ে উড়ে
কী চায় ফড়িং-পাখি?
কী আর দিতে পারি আমি—
পদ্য লিখে থাকি!

ফড়িং-পাখি বলল, ‘আমার
কিছু দরকার নাই
ছোট থাকতেই হারিয়ে গেছে
আমার যমজ ভাই,

তাই তোমাকে দেখে কেন
মনে হলো যে, সেই
তুমিই আমার হারানো ভাই
খুঁজতে খুঁজতেই

তোমাকে আজ পেলাম, চলো
গল্প করি বসে,
পড়া শিখতে গিয়ে তোমার
ডানাই গেছে খসে

লেখা শিখতে গিয়ে তুমি
ওড়াও গেছ ভুলে,
কাল থেকে আর নাই-বা গেলে
ভুলন্ত ইশকুলে।’

ভাবছি আমার কোনটা ঠিক
পড়া, নাকি ওড়া?

স্যার বললেন, ‘ভাবনা বাদ
আঁকো একটা ঘোড়া।’