খোকার খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কি যে ছাই ধানাই-পানাই—
সারা দিন বাজছে শানাই,
এদিকে কারুর গা নাই
আজি না মামার বিয়ে!

বিবাহ! বাস্, কি মজা!
সারা দিন মণ্ডা গজা
গপাগপ খাও না সোজা
দেয়ালে ঠেসান্ দিয়ে।

তবু বর হচ্ছিনে ভাই,
বরের কি মুশ্কিলটাই—
সারা দিন উপোষ মশাই
শুধু খাও হরিমটর!

শোনো ভাই, মোদের যবে
বিবাহ করতে হবে—
‘বিয়ে দাও’ বলব, ‘তবে
কিছুতেই হচ্ছিনে বর!’

মামি-মা আসলে এ ঘর
মোদেরও করবে আদর?
বাস্, কি মজার খবর!
আমি রোজ করব বিয়ে।।

সত্যি, কও না মামা,
আমাদের অম্নি জামা
অম্নি মাথায় ধামা
দেবে না বিয়ে দিয়ে?