ফাদো, আমিও আর সব মানুষের মতো ঘুমুতে চাই
যখন বোমা পড়ছে
আর আকাশ জীবন্ত মাংসের মতো ছিঁড়ে যাচ্ছে
আমি স্বপ্ন দেখব, তখনই, যেমন মানুষেরা দেখে
যখন বোমা পড়ছে
আমি স্বপ্ন দেখব বিশ্বাসঘাতকতার
আমি জাগব দুপুরে আর জিগ্যেস করব রেডিওকে
মানুষ যেসব প্রশ্নের উত্তর জানতে চায়:
বোমাবর্ষণ কি শেষ হলো?
কতজন মারা গেছে?
কিন্তু আমার ট্র্যাজেডিটা কি জানো, ফাদো—
মানুষ দুই প্রকার:
একদল আছে, যারা তাদের দুর্ভোগ আর পাপ নিক্ষেপ করে রাজপথে
যাতে তারা ঘুমুতে পারে।
আরেক দল মানুষের কষ্ট আর পাপ কুড়িয়ে আনে
তাকে ক্রুশের আকার দেয়
আর সেই ক্রুশ বয়ে নিয়ে শোভাযাত্রা করে
ব্যাবিলন, গাজা আর বৈরুতের রাস্তায় রাস্তায়
ডুকরে ওঠে: আরও কি বোমা আসছে?
আরও কি বোমা আসছে?
দুই বছর আগে আমি হেঁটেছিলাম দক্ষিণ বৈরুতের দাহিহের রাজপথে
আমি বয়ে নিয়ে যাচ্ছিলাম একটা ক্রুশ
ভাঙা বিল্ডিংয়ের মতো বড়
কিন্তু আজ কে সেই ক্রুশ তুলে নেবে
জেরুজালেমের একটা ভাঙাচোরা মানুষের পিঠ থেকে?
পৃথিবী হলো তিনটা পেরেক
প্রভু, দয়া করো হাতুড়িকে!
আঘাত করো, প্রভু,
উড়োজাহাজ দিয়ে আঘাত করো
আরও কি বোমা আসছে?