চারটি কবিতা
তুষার গায়েন
করোনা সংক্রান্তি
যুদ্ধ জারী হলো সহসাই অদৃশ্য উৎস হতে
বসুমতী নদীর কিনারে—অভিযোজন স্পন্দিত মানব অঞ্চলে,
দৃষ্টির অতীত অণুজীব বুনো জন্তুর দেহাঙ্গে অধিবাস
মহাজাগতিক ঘুম শেষে জেগে ওঠে রাক্ষুসে ক্ষুধায়
সুনামির বেগে সম্প্রসারিত ভূগোল নির্বিশেষে...
দেহবিন্যাস পাল্টিয়ে পৌনঃপৌনিক দখল নিতে থাকে
মানব শরীর—প্রাণীকূলে বিজয়ী উপনিবেশিক
আজ জীবিত থেকেও বুঝে নেয় মৃত্যুভয়
ছুরির তলায় যার বাকহীন পশু কাঁপে থরথর!
করোনা, করুণামিতিতে অনাগ্রহী
অভেদসংহারী সে নিমিষে নাই করে দেয় মানুষের স্পর্ধিত সঞ্চয়
মাটি থেকে মহাকাশ বিপন্ন করেছে যে বুদ্ধির চাষ,
এবার নিকেশ চায় তার ক্ষুদ্র অণুজীব: উষ্ণ হলো যে পাপে বসুমতীর পিঠ
মেরুদেশে গলে পড়া গ্লেসিয়ার—শিকারে অব্যর্থ শ্বেত ভল্লুক
শিকার না পেয়ে ক্ষুধায় উন্মাদ, ছিঁড়ে খায় আত্মজ সন্তান!
উন্মাদ, উন্মাদ এই কাল!
ছুটে চলা দ্রুত বেগে ভেঙে ফেলে সমস্ত পরিধি
ব্যক্তিগত গতির স্পৃহায় সমষ্টি যানের সম্ভাবনা ধুলায় লুটায়
পৃথিবীর পেট খুঁড়ে খুঁড়ে তুলে আনা জীবাশ্ম সঞ্চয় ফৌত করে দিয়ে
ভাসাল রক্তগঙ্গায় অনালোকিত মানবাঞ্চল পুঁজির ক্ষুধায়
রক্তকরবী ব্যথায় নীল, বিতাড়িত বন থেকে প্রাণিকূল
হন্তারক মানুষের বিজয়ের গান বুমেরাং হয়ে পিছু টানে
এবার গৃহান্তরীণ হতে ডাকে আমাদের অবেলায় ...
আমাদের হাতগুলো আর মিত্র নয় আমাদের কাছে
অনেক নির্মাণ শেষে এবার বিশ্রাম নিতে হবে তাকে
অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকা যেন তার ছোঁয়া থেকে
রক্ষা পায় নিজস্ব মুখশ্রী—মুখের গহ্বরে নেমে যাওয়া
শ্বাসনালী, প্রিয় ফুসফুস বাঁচে যেন জীবাণু অস্ত্রের থেকে
জনবিযোগের নীতি মেনে একে অপরের থেকে দূরে থাকা
প্রেমাস্পদ স্পর্শযোগ্য নয় আর এই করোনার কালে
জীবিত থেকেও মৃত্যুস্বাদ কবে পেয়েছি আমরা এইভাবে
সকলেই একসাথে? শূন্য এ নগরী, এ শূন্য উদ্যান
যদি দেখা হয় আচানক কাঁচা বাজারের পথে
নিতান্ত পেটের জ্বালায় সপ্তাহান্তে একবার,
কাগজ-মুখোশে ঢেকে রাখা মুখ হাসি বিনিময়
অন্তরালে থেকে যায় শুধু বিপন্ন চোখের ভাষায় প্রীতি সম্ভাষণ
পরিচিত আমাদের মাঝে কে পড়েছে করোনা থাবায়
কে পায়নি জানাজা মৃত্যুতে তার প্রথা ভেঙে স্বাভাবিকতার
ফুটফুটে শিশুদের রেখে ক্রেনে চড়ে অন্তিম শয়ানে গেল মা
মাটির কবরে! অন্ধকার ঘন হয়ে আসে রুদ্ধশ্বাস ঘরের ভিতর
অচল মুদ্রার চাকা, বেলের কাঁটায় শৈশবে যেভাবে
গালিয়ে দিয়েছে ফোঁড়া, তীব্র ব্যথায় পুঁজের ধারা বের হয়ে যায়
সমাজের দেহে বেড়ে ওঠা পুঁজি বিদ্ধ হলে করোনা কাঁটায়
মানুষ কী ভাববার অবকাশ পাবে কীভাবে নিরোগ
অর্থনীতির সাধনা করা যায়?
যখন আমরা নেই পরিসরে,
এসে গেছে সব প্রাণ প্রকৃতির স্বভাব নিয়মে
ফুটেছে সাগরলতা গোলাপি-বেগুনি ফুলের বৈভব
পর্যটকহীন বালিয়াড়ি জুড়ে মাইলের পর
মাইল, কক্সবাজার থেকে টেকনাফ সমুদ্র সৈকতে
সমুদ্রের জলোচ্ছ্বাস ঠেকিয়ে যা রক্ষা করে বেলাভূমি;
বহুকাল দৃষ্টির সীমানা থেকে সরে যাওয়া ডলফিন
ঢেউয়ে ঢেউয়ে ফিরে আসে, সমুদ্র গর্জনে লাফ দিয়ে ওঠে
শূন্যে ভাসে নৃত্যরত দেহ শিহরণ, ভেনিসের খালে ফের
রাজঁহাসের স্বচ্ছন্দ বিচরণ—পৃথিবীর উপরে ওজোন স্তর
সেরে ওঠে দ্রুত ঢেকে দিতে সূর্যের বেগুনি রশ্মির উৎপাত
স্বেচ্ছাচারী জীবনের বিশোধন হবে করুণ মৃত্যুর হাত ধরে
প্রত্যাঘাতে যদি ফিরে আসে প্ৰজ্ঞার আলোক অন্তরগহনে
সর্বপ্রাণের ব্যথায় যদি মানুষ কাতর হতে পারে, সূর্যস্নানে
রক্তকরবী উচ্ছল হবে ফের এই বসুমতী নদীর কিনারে।
তুষার কবির
ভেন্টিলেটর
হাওয়া আমাকে ডেকে নিচ্ছে এক মৃতের শহরে—রক্তবীজ ছড়ানো সন্ধ্যায়—যাতে প্রেত আর ছায়া হাঁটে একসাথে মাস্কপরা আকাশের নিচে!
শোনো, ভেন্টিলেটর লাগানোর আগে আমাকে শিশুর গালে একবার চুমো খেতে দিও। উড়ে আসা ভাঁটফুল জানালার ফাঁক দিয়ে একবার দেখে নিতে দিও। আর ভায়োলিন শুনতে শুনতে আমি শেষ ঘুম ঘুমিয়ে পড়তে চাই।
দূর প্রান্তরের পর ঘাসে ছাওয়া কবরে—আমার পুরনো কবিতা থেকে কয়েকটি পাতা ছিঁড়ে দিও। কোভিড মাটির সাথে রেখে দিও একটি কাঠগোলাপ!
হাওয়া আমাকে টেনে নিচ্ছে এক জাদুর শহরে—ভেসে আসা কান্না সুর মিশে যাচ্ছে নিস্পন্দ ভেন্টিলেটরে!
রিষিণ দস্তিদার
আইসোলেশান
কাগজের কফিনে ঢুকে পড়ি
নির্জনতা টেবিল ছেয়ে আসে।
খেয়াল করেনি ছায়া
কেউ আর ডাকছে না অভ্যাসে
পকেটে মাটির দোয়াত ঝর্ণাকলম
ঠোঁটেধরা মোম লালমাথা দেশলাই
আইসোলেশান—নিজের সাথেই ভয়
আঁটোসাটো, মাপমতো এই কুঠুরি বাড়ে না
তার দেয়ালে যাপন লিখব বলে
গোপনে ছেড়ে আসি গার্হস্থ্যমহিমা।
আগুন জ্বালাতেই ম্লানমুখ, লখিন্দর
ছবি থেকে উঠে আসে রুগ্ন আঙুল
বিড়ি ধরায় স্থিরমতি, বেহুলাকে চেনেন?
দেখা হলে বলবেন, আমি কোথাও নেই।
দগ্ধ নদী, ঘাটে এক জীর্ণ ভেলা
লোহার বাসরঘরে ফুটো মেরামতে
ক্লান্ত হতে হতে
আমাদের পোষা সাপ ঘুমিয়ে পড়েছে।।
আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব
তুমি আছ বলে...
করোনা,
কেমন আছ তুমি? নিশ্চয়ই ভালো আছ খুব। সময় যে এখন তোমার! পৃথিবী গিলে খাচ্ছ। সমাজ গিলে খাচ্ছ। অর্থনীতি গিলে খাচ্ছ। গিলে খাচ্ছ রাজনীতি, শিল্প-সংস্কৃতি সব। আর মানুষের জীবনে এখন তো তোমার রীতিমতো নেশা! প্রতিদিন হাজারটা গিলছ। মানুষের জীবিকা গিলছ। বিবেক-বুদ্ধি গিলছ। সব গিলে মানুষগুলোকে বানাচ্ছ একেকটা 'ম্যাকিয়াভেলি'র ছা। তুমি আছ বলে ভালোবাসা, মায়া-মমতারা কোয়ারেন্টিন কাটায় জাদুঘরে। তুমি আছ বলে সন্তানেরা তোমার সম্মানে গভীর জঙ্গলে ফেলে যায় গর্ভধারিণী বৃদ্ধ মাকে। তুমি আছ বলে সন্তানের লাশ নিয়ে অসহায় মা আহাজারি করে ঘণ্টার পর ঘণ্টা। ভাইবোন বা কোনো আত্মীয়—কেউ আসে না সৎকার করতে। তুমি আছ বলে ডাক্তার আর রোগীতে এখন হরহামেশা চোর-পুলিশ খেলা। তুমি আছ বলে খেটে খাওয়া মানুষের এখন হররোজ রোজা। তুমি আছ বলে কোটি কোটি মানুষের এখন প্রতিদিন ২৫ মার্চের রাত। তুমি আছ বলে চারদিকে এখন সারি সারি বিষাদের ঘর। তুমি আছ বলেই মনপাড়ায় ব্যথার কণা জমে জমে গড়েছে চর। তুমি আছ বলে আজ বসন্ত নেই। ফাগুন নেই। আছে শুধু শ্রাবণ। তুমি আছ বলে এখন আর কেউ নেই। কিছু নেই। সবটাজুড়ে শুধু তুমি আর তুমি। তুমিই এখন এই বিশ্বের বেতাজ বাদশাহ!