ছড়ার ছানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বলে—‘ছোট,
বেলা হলো, ওঠো!’
ছোট বলে—‘ভাই,
বড় হতে চাই’।
*
খাঁচার পাখি রয় তাকিয়ে চুপ
ঝমঝমাঝম বিষ্টি নামে
শরৎ আসে কাশের খামে
উড়ে যেতে ইচ্ছে করে খুব।
*
বন্ধু আছে সুজন আছে
জুড়ে সারা গাঁ—
ত্রিভুবনে তার কে আছে
যার হারাল মা?
*
ডেকচি ভরা ভাত
শূন্য কেন পাত?
চুলোয় পাতের মাছ
দে আগুনের আঁচ।
*
নয়নতারা নয়নতারা
নয়ন মেলে চা—
জাদু আমার ঘুমোয় খাটে
নয়ন মেলে না।
*
জোড়া শালিক জোড়া শালিক
কিনতে এল টিয়ের মালিক।
টিয়ের কথা বন্ধ
শালিক-টিয়ের দ্বন্দ্ব।
*
গুন গুনাগুন গুনাই বিবির
কিচ্ছা ভরা গীত—
গীতের সুরে ঝিলিক মারে
আসমানে তড়িৎ!
*
মিঠা দই, চিনি-খই
ডাবে মিঠা জল—
আগে তেতো পরে মিঠা
আমলকী ফল।
*
আলুথালু আলুপাতা
আলুপাতা ঝোল—
সা রে গা মা - সা রে গা’ তে
সুরখানা তোল।
*
পাখির নামটি হীরামন
মনটা ভারী উচাটন।
নামটি পাখির সুইচোরা
সুই বিঁধানো লেজ জোড়া।