জতুগৃহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে ভাসছে ডিস্টোপিয়ান মেঘ

শ্বাসনালি খোঁজে অক্সিসিলিন্ডার

ফুটপাতে শুয়ে মৃত্যুরা সারিমুখ

এখানে সাম্য ভারত-আমেরিকার।

মঙ্গল গ্রহে জরিপ চালাতে পারো

পারো মানুষের লহুতে মেশাতে বিষ

কী করে ফেরাবে যাতায়াত যার চলে

বাতাসের সাথে মিলনে অহর্নিশ।


মৃত্যু চেনে না কাঁটাতারে করে ভাগ

দেশ, লোকাচার, রাষ্ট্রের সীমারেখা

ভাববার তার নাই কোনো অবকাশ

কে বাঁশি বাজায়—নিরো, না কৃষ্ণ একা!

যে আগুনে দ্বার খুলেছে সভ্যতার

লঙ্কা পুড়েছে, শুচিতা পেয়েছে সীতা

হামুখ শ্মশানে সে আজ সর্বভুক

জ্বলে খাণ্ডব, সারা দেশ যেন চিতা।