জলবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জল তবে অন্তর্যামী? ধুয়ে নেয় এ জন্মের ভার!

পালক ভিজিয়ে রেখে পাখিটি বিরহ গাঁথে চোখে—

ঠোঁটে বুঝি বৃষ্টিবীজ, ঘূর্ণাবর্ত জলের মেলোডি?

আমার ক্লান্তির পাশে বাজে গান নতুন বর্ষার!


বিরহও মন্দ নয়, একা পোড়া পাখির কাহিনি

রাত্রির অনিদ্রাগুচ্ছ শিয়রে শিউলি হয়ে ঝরে

পাশ ফিরে ঘ্রাণ পাই, সুষুম্নায় বেঁচে থাকা জাগে

রোদের আলোর মতো—বৃষ্টি শেষে, আমি তাকে চিনি

আমি তাকে চিনি। আর, মনে হয়, সে চেনে আমাকে!

আমাদের বোঝাপড়া মেঘে মেঘে, পাতায় পাতায়

স্নানান্তের ভেজা চুলে কথা বলে পুরোনো দুপুর

ঘাসে লেখা বর্ণমালা, দিনমান জন্মান্তর আঁকে।


জলের কীর্তনে বনে মুখরিত সেগুন পরাগ

বিরহ সে মন্দ নয়, মুছে দেয় মরিচার দাগ