জহির রিপনের জন্য কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাকে শাগরেদ করে নিবি নাকি তোর, রে জহির?
জাদুকাটা নদীপাশে, কবরের খোঁজে দুই ভাই
যদি যাই, পশুদলসহ, রাখালের মতো বীর;
কোথায় হারাব, সূর্য অস্তগামী; ডানা তার পোড়া।
কোনোদিন যাই নাই ভোলাগঞ্জ, অরূপের দেশ।
মেঘেরা কি শিং দিয়ে করেছে আড়াল কারও স্তন?
ওই বনভূমি কার দেহ, অবশিষ্ট পোড়া ত্বকে
কার স্পর্শ লেগে আছে, ভাই? অবতীর্ণ যদি প্রেমে
আমাকে শাগরেদ করে নিবি নাকি তোর, রে জহির?
জাদুকাটা নদীপাশে, কবরের খোঁজে দুই ভাই
অন্তিমে কাহার হাড় জ্বলে বুকে শ্বেত ফসফরাস—
নিজেদের কবরের খোঁজে, মৃদু মাতৃগর্ভ ছেড়ে
জাদুকাটা নদী পাশে, দুই ভাই, ভারবাহী শাগরেদ
আমি, তোর পায়ে ঘুরি, স্বার্থপর ষড়যন্ত্রকারী।