জিকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরবন্দী এই চৌদ্দ দিনের চিলায়

কত সুরে ডাকতেছি মা...মা...

সাড়া নাই, তবু করি বেদম জিকির

ফকিরি কায়দা, মনে আনে শান্তি-আশা;

আসবা আকাশ থেকে তুমি,

আলোর শক্তির মতো।

এসে তুমি দরজার ফাঁক দিয়ে রেখে যাবা

ভাত;

বিরই চালের ভাপ-ওঠা লাল ভাত,

সাথে ভর্তা উগল মাছের,

শোল-গজারের কুটি বিরান,

ধুনি ধুনি চান্দা-চিংড়ি-বাতাসির

পোড়া পোড়া সালুন।

যদি তুমি আসতা আকাশ থেকে নেমে,

করোনায় স্বাদ-গন্ধহীন এই কাল

সুবাসে উঠত ভরে তোমার সালুনে।

আর আমি দ্রুত জেতা হয়ে উঠতাম,

দ্রুত জেতা হয়ে উঠতাম।