জীবনানন্দ কবিতামেলা শুরু

‘এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল’ স্লোগানে রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হয়েছে জীবনানন্দ কবিতামেলা। আজ শুক্রবার সকাল ১০টায় নগরের শাহমখদুম কলেজ মাঠে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় দুই বাংলার শতাধিক কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী উপস্থিত ছিলেন।
দুই দিনের এই মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। অতিথি হিসেবে ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাহিত্যিক আব্দুল খালেক, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, পশ্চিম বাংলার কবি মৃণাল বসু চৌধুরী ও কবি বজলুল করিম বাহার।
প্রথমে মঞ্চে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন কবি রুহুল আমিন প্রামাণিক, আর জাতীয় পতাকা উত্তোলন করেন সনৎকুমার সাহা।
প্রধান অতিথি হাসান আজিজুল হক বলেন, ‘আমরা মুক্তি চাইছি, বিশিষ্টতা চাই না। কামনা করছি সকল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি। আমি মনে করি শুভবুদ্ধি সমাজের বড় একটা অংশ। আর কূটবুদ্ধি ক্ষুদ্র একটা অংশ। আমরা কূটবুদ্ধিকে ধ্বংস করতে পারব। এটিই আজকের প্রত্যাশা।’
অনুষ্ঠানমঞ্চে প্রথমে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সমন্বয় পরিষদ এবং গণসংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ। মেলা উপলক্ষে এবারের প্রকাশিত স্মারকপত্রটি উৎসর্গ করা হয়েছে যাঁরা মুক্তবুদ্ধি ও মানবতার চর্চায় বিশেষ অবদান রেখে গত এক বছরে না ফেরার দেশে চলে গেছেন—তাঁদের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি জুলফিকার মতিন, গোলাম কিবরিয়া পিনু, মাহমুদ কামাল, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি তাজুল ইসলাম, শাহমখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ।
আয়োজকেরা জানান, দুদিনব্যাপী এই কবিতামেলায় দুই বাংলার কবি ও আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করবেন। মেলায় এবার কবিতায় আতাউল হক সিদ্দিকী ও গবেষণায় অনীক মাহমুদ কবিকুঞ্জ পদক পেয়েছেন।