তোমাকে ভুলিনি তো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

পতাকা এনে দিতে         যুদ্ধে চলে গেলে
বাবা-মা, ভাইবোন         সবারই বাধা ঠেলে।
মারলে পাক সেনা         উড়ালে তার ঘাঁটি
নিজের তাজা খুনে         রাঙালে পোড়ামাটি।
ভয় ও ডরহীন             মুক্তিসেনা মিলে
প্রিয় এ দেশটার           পতাকা এনে দিলে।
শুধু তো পতাকা না,       দিয়েছ বহু কিছু
পতাকা সন্মুখে             বাকিরা পিছু পিছু...

গ্রাম্য মেঠোপথ            মিষ্টি আলো হাওয়া
শান্ত নদীটাতে             নৌকা বেয়ে যাওয়া।
মাঝির ভাটিয়ালি          রঙিন পাল তোলা
ফসলে গলাগলি           কষ্টগুলো ভোলা।

কণ্ঠে শিস দিলে           দোয়েল পাখিটাকে

পতাকা দিলে বলে         কোকিল কুহু ডাকে।

তোমার মতো বহু          মুক্তিসেনা মিলে

ঠিকানা লিখে দিলে        শাপলা ফোটা বিলে।

তোমার বিনিময়ে          পেয়েছি দেশটাকে

বাংলা ভাষা তাই          স্বপ্নজুড়ে থাকে।

কবিতা লেখা হয়          ভরিয়ে মোটা খাতা

স্বাধীন দেশটাতে          আকাশ ছোঁয় মাথা।

তোমার বিনিময়ে          স্বপ্নজাল বোনা

তোমাকে ভুলিনি তো      কখনো ভুলব না।

জানি যে ফিরবে না,       তবুও বসে থাকি

দরজা খুলে রাখি          জানালা খুলে রাখি।