দুটি কবিতা
জতুগৃহ
কাঁদছ কত দিন আমার জন্য গোপনে?
কতকাল বলো!
নিজেই জানো না তার দৈর্ঘ্য
বুকের কোন গভীরে চুপ করে ডুব দিয়েছিলাম
অনাবিষ্কৃত ছিল তোমার কাছে এতকাল।
আজ হঠাৎ যেন আমরা দুজন
মাধুরি আর শতদল
জীবনের প্ল্যাটফর্মে আচমকা সাক্ষাৎ!
তোমার জুলপিতে সময়ের শুভ্র চুনকাম
আমার সিঁথিতে সিঁদুর।
ঋতুতে ঋতুতে হয়েছে মেঘেদের পালাবদল
কত বকুল কেঁদেছে নিঃশব্দে
ঝরে পড়ার বেদনায়।
আর বসন্তের বাউলা বাতাস
তুলেছে দীর্ঘশ্বাসের ঘূর্ণি।
নৈঃশব্দ্যের বুক চিরে না পাওয়ার এক তীক্ষ্ণ আর্তনাদ
আছড়ে পড়ে নিরালায়।
আমাদের পরান পৃথিবীর সব শূন্যতা শুষে নিয়ে
সময়ের স্রোতে হবে যে বিলীন
আবার দেখা হবার প্রত্যাশায়
অন্য কোনো জনমে, অন্য কোনো দিন!
গার্হস্থ্য
সময়টাকে এক মিনিট পেছনে আনবে আবার ডেকে?
মিনিট না হোক, অন্তত কিছু সেকেন্ড!
সেই মুহূর্তে
যখন আমদের ওষ্ঠযুগল লেপ্টে ছিল আদরে–সোহাগে।
তোমার পুরুষ্ঠ ঠোঁট শুষে নিচ্ছিল
তীব্র ভালোবাসার নির্যাস।
দাতঁগুলো দক্ষ চাষির মতো নিড়ানি দিচ্ছিল সুতীক্ষ্ণ ধারে
আর লালা ঝরাচ্ছিল স্বর্গীয় সুধা
আমার বসরাই বাগানে।
ঠোঁট দুটো ভালোবাসায় সিক্ত হয়ে
আলোর গোলাপ হয়ে ফুটে উঠছিল টকটকে।
মাত্র এক মিনিট আগে!
সময়টা আনবে আবার ফিরিয়ে
যে মুহূর্ত পিছলে গেল নিমেষে
এক মিনিট পর—
আমাদের ওষ্ঠদ্বয় হিংস্র জানোয়ারের মতো
একে অপরকে করছে আক্রমণ।
ছিন্নভিন্ন ভালোবাসা
ভুলুণ্ঠিত প্রেম
খিস্তিখেউড়ে মুখর।
প্রেমহীন পিপাসার্ত ওষ্ঠদ্বয়
ব্যস্ত চাওয়া–পাওয়ার হিসাব মেলাতে।
হিসহিসিয়ে ভাসছে ঘৃণার স্বর।
আমাদের তছনছ গোলাপবাগান
দাবানলে ছারখার
মাত্র একটা মিনিট পর।