ধূলিতে কান্না থামে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা পেরোলেই নদীতীরে তনা
সাভারে দাঁড়িয়ে যদি ডাকো,
পূর্বা! পূর্বারা কুয়াশায় হারিয়ে যায়
দেখবে তনার চুলে অলীক শিশিরকণা,
এই সব গুল্মলতা শালপাতা ঘাস, হায়
বেশি দিন থাকে নাকো।
সব ঝরে যাবে, সব—
দাওয়ায় বৃষ্টিভেজা দুর্গার নিশ্চিন্দি শব
সকলেই যাবে, তবু কেন এইভাবে
বলতে পারো আজ কে কে যাবে?
আর কে বা কারা কাল
তুমি আমি ধূলিবালি, চারদিকে মহাকাল।
করোনাকালে জীবনেরা জোনাকি
অমাবস্যায় জোনাকি জ্বলে, নেভে, ফের জ্বলে
তনারাও জ্বলে আর নেভে,
একদিন ত্বক নীল মৃত্যুহিম পলে।
পূর্বারা গায়, হা! এই তো জীবন, পুরোটাই ফাঁকি
কেন এনেছিলে প্রভু, নেবে যদি এইভাবে।
শহর ছাড়িয়ে ধু ধু সাদা মাঠ
জ্যোৎস্নায় বসেছে অলৌকিক হাট
সকলেই এসেছে পূর্বা দুর্গা তনা,
নেমে এলে ধূলিতে কান্না থামে না।