না রোদ্দুর না সমুদ্দুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি রোদ্দুর হতে চাইনি, সমুদ্দুরও না
কেবল তোমার ভালোবাসা হতে চেয়েছি
আমি আকাশ হতে চাইনি, বাতাসও না
কেবল দুহাত ভরে স্বপ্ন কুড়াতে চেয়েছি।
পাতা কুড়ানোর মতো চাইলেই স্বপ্ন কুড়ানো যায় না
ঘুমের ঘোরে আমি যতই স্বপ্ন কুড়াতে যাই
দুহাত ভরে উঠে আসে দুঃস্বপ্নের বালিয়াড়ি।
সরল অঙ্কের জটিল ধাঁধা মুখস্থ করতে করতে
যে পান্থ ক্ষিপ্র বেগে জীবনকে মুঠোয় নিতে চায়
সেও জানে না পাহাড় না জীবন বেশি ভারী!
আমি রোদ্দুর হতে চাইনি, সমুদ্দুরও না
কেবল তোমার ভালোবাসা পেতে চেয়েছি।