নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার সোনার তরি

আমি তো বলিনি কখনো

                ঠাঁই নাই, ঠাঁই নাই;

আমার ভবতরি ভবের সমান—

তার এখনো অনেক ঠাঁই

শূন্য পড়ে আছে,

 ফাঁকা পড়ে আছে।

যাহা কিছু ভালো লাগে চোখে,

যার মুখ দাগ কাটে মনে,

ঝরে পড়া আমের মুকুলবৎ

আমি পথে পথে তাঁদের কুড়াই।

আমি সজ্ঞানে সঞ্চয় করি

পৃথিবীর যা কিছু সুন্দর।

ঠাঁই নাই বলে, কোনো অজুহাতে

আমি কিছুই যাই না ফেলে

পশ্চাতে আমার।

আমার ওই সোনার তরির

ক্রমপ্রসারিত স্বর্ণতালিকায়

সকলের শীর্ষে আছ তুমি।

১০ সেপ্টেম্বর ২০১৮, নয়াগাঁও, ঢাকা।

মহাজীবনের কাব্য

ঈশ্বর নারীর জন্য পুরুষ এবং পুরুষের জন্য নারীকে

এমন সুকৌশলে সৃষ্টি করেছেন যে তারা পরস্পরকে

আকৃষ্ট করে, মুগ্ধ করে। এখানেই সৃষ্টির রহস্য।

আমি ওই রহস্যকে উপলব্ধি করি বলেই, আমি কবি।

তাই সময়বর্ণিত বয়স নয়, আমি পরিচালিত হই

                                আমার সজ্ঞা দ্বারা।

আমার স্বজ্ঞা বা রক্তগোত্রই

আমার জীবনকে নিয়ন্ত্রণ করে, প্রবাহিত করে;

সামাজিক, রাষ্ট্রিক বা ধর্মীয় অনুশাসন—আমাদের

মহাজীবনের ধাবমান অশ্বটিকে তাই

পুরোপুরি থামাতে পারে না।

১৩ সেপ্টেম্বর ২০১৮, নয়াগাঁও, ঢাকা।

তুমি, শুধু তুমি

দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি।

আমার বড় হওয়ার ইচ্ছে ছিল বটে

তাই বলে এত তাড়াতাড়ি

এত বড় হওয়ার ইচ্ছে আমার ছিল না।

আমার সম্মতি ছাড়াই আমাকে বড় করা হয়েছে।

এখন আমি এত বড় হয়ে গেছি যে

চাইলেও আমি আর ছোট হতে পারব না।

স্বয়ং ভগবানও এখন আর ছোট করতে

পারবেন না আমাকে।

তবে অভয় দাও তো বলি—

এখনো একটা উপায় আছে বাকি,

আমাকে ছোট করতে পারো তুমি—

                                শুধু তুমি...।


৭ নভেম্বর ২০১৮, নয়াগাঁও, ঢাকা।