পত্রপর্ব:...স্নেহভাজনেষু কুশল জানিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতদ্সঙ্গে আরও জানিবা যে, যে হৃদয় নিয়া

প্রেম ও কাব্য করতেছিল কবিজন,

হৃৎস্পন্দনের আড়ালে লুকায়ে মহাজন

কিন্তু দেখতেছিলেন দূরে, বহুদূরে সাতসমুদ্রের ওপারে নীল হাওয়া;

দেখতেছিলেন, হাওয়ায় পাল উড়ায়ে সপ্তডিঙায়

চড়ি রঙ্গপত্রে মোড়ানো বণিকেরা হৃদয়ের বিকাশ ঘটাইতে

নদী ও খাল দিয়া ভাসতে ভাসতে

ঢুকে পড়তেছে দেশে দেশে, পশুবিচরিত তামাটে ডাঙায়।


ঢুকে পড়তেছে এই ভাটির দেশেও। অথচ তথ্য উৎপাদন

করে যারা নদীঘাটে, তারা নাকি দেখতেছিল রবিশস্যের খেত।

ফলে অবেলায় আজও পণ্যের বৃত্তান্তসমেত

গভীর জলের নিচ থাকি উঠে আসতেছে খালি ভয়াবহ সব বিজ্ঞাপন।

তোমার জননী কিন্তু তখন বণিকদের সপ্তডিঙা দেখি

ভাবতেছিলেন ফিরে আসতেছে বুঝি চাঁদ বেনে।

অচিরাৎ তিনি বুঝতে পারেন তাঁর ভুল, চোখ বুজে অহেতুক টেনে

আনতেছিলেন অভিশাপরহিত দিন মনসাকাল থাকি।

ওহ্! এরপর ভয়ানক এক দুষ্কাল দেখছিলেন তিনি? জলের নিচেই

পুত্র ও কন্যারা তাঁর মৎস্য-আকৃতি ধরি

জংধরা ঢেউয়ে গা ঘষতে ঘষতে শ্যামল মাটির গন্ধ হেলাফেলা করি

তুলে ফেলতেছে। তাই দেখি জননী মূর্ছা যান নদীপাড়েই।


পুনশ্চ: এ মর্মবেদনার কথা বোধগম্য হয় যদি, যদি পত্রপাঠে

কিছুমাত্র অনুতাপ জাগে, ফিরিয়া আইসো তবে জননীর কাছে। শুশ্রূষায়

ও ভালোবাসায় তাঁকে ব্যাধিমুক্ত করো যদি, তবেই ঘুচবে জলের তলায়

পুত্র-কন্যাদের মৎস্যদশা, হরিৎবংশের দিন প্রণয় ছড়াবে বিধবা মাঠে।