পাবলো নেরুদার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদ: সাজ্জাদ শরিফ

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

মৎস্যকুমারী ও মাতালদের উপকথা
সবাই ভেতরে ওরা
যখন সে ঢুকেছিল পুরো বিবসনা
মদ খেতে খেতে ওরা তার দিকে ছুড়ে দিল থুতু
মাত্র নদী থেকে আসা কিছুই সে বুঝতে পারেনি
ঠিকানা হারিয়ে ফেলা সে ছিল জলের এক দেবী
তার ঝলমলে দেহে বয়ে গেল বিদ্রূপের ধারা
খিস্তিতে সোনালি স্তন সিক্ত হলো তার
অশ্রু তো অচেনা তার কাঁদতে পারেনি
পোশাকও অচেনা তাই ছিল সে নগ্নিকা
গনগনে ছিপি আর সিগারেটে তার দেহ খুঁচিয়েছে ওরা
এবং হাসির পাকে গড়িয়ে দিয়েছে শুঁড়িখানার মেঝেতে
কোনো কথা বলেনি সে জানত না কাকে বলে ভাষা
তার চোখ দূরতম প্রেমের বর্ণালি
তার বাহু স্বচ্ছ পোখরাজ
তার ঠোঁট শব্দহীন নড়ে ওঠে প্রবালশিখায়
অবশেষে হঠাৎ সে ছেড়ে এল ঘর
নদীতে ডুবেই ফের হয়ে গেল অমল-ধবল
ঝলকাল বৃষ্টির জলে ধোয়া শ্বেতপাথরের মতো
এবার সাঁতার দিল পেছনে ফিরেও দেখল না
ভেসে গেল শূন্যতায় ভেসে গেল নিজের মৃত্যুতে

তুমি সন্ধ্যার মেঘমালা
রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখে

সন্ধ্যাবেলা যেন আমার আকাশে তুমি মেঘ
রূপ ও রং তোমার আমি যেমন ভালোবাসি।
আমারই তুমি, আমারই তুমি, মধুরাধরা নারী,
তোমার প্রাণে বাঁচে আমার অপার স্বপ্নেরা।

আমার প্রাণপ্রদীপে ওই চরণ দুটি রাঙা,
আমার কটু মদিরা ওই ঠোঁটের চেয়ে স্বাদু,
আহা আমার সান্ধ্যগান যে তুমি করো জমা,
আমারই তুমি, এ কথা জানে একাকী স্বপ্নেরা।

আমারই তুমি, চেঁচিয়ে বলি বিকেল হাওয়াটিকে,
আমার ফাঁপা কণ্ঠ সেই বাতাস নেয় বয়ে।
ব্যাধিনী তুমি আমার দুই চোখের অতলের,
তোমার নিশিচাহনি, যেন সলিল, নিশ্চুপ।

প্রিয়া আমার, গানের জালে পড়েছ তুমি ধরা,
সে জাল যেন আকাশ এত বিপুল অবারিত।
আমার প্রাণ জন্ম নেয় তোমার শোকাকুল
চোখের তীরে, যেখান থেকে স্বপ্নভূমি শুরু।


ওয়াল্ৎস্

ঘেন্নাকে ছুঁই বস্ত্রে আবৃত স্তনের মতন,
ক্ষান্তিবিহীন চক্কর খেয়ে আসি অজস্র পোশাকখানায়
দূরে ঘুম দিয়ে।

কিছু নই, কোনো কাজেও লাগি না, চিনি না কাউকে,
বনের কিংবা মহাসাগরের হাতিয়ার নেই,
এ ঘরে থাকি না।

রাত্রি এবং জলে ভরা এই মুখগহ্বর।
অপেক্ষমাণ চাঁদ দাবি করে
যা নেই আমার।

আমার যা আছে মাঝখানে ওই তরঙ্গদের।
জলের ঝলক, নিজস্ব দিন:
লোহার গহন।

ওখানে নেই তো কাটাকুটি ঢেউ, রক্ষাবর্ম অথবা পোশাক
ওইখানে নেই ধ্বনিত হওয়ার বিশেষ দ্রবণ,
নেই কোনো পাপী চোখের পাপড়ি।

থাকি আচমকা, অন্য সময়ে পিছু পিছু চলি।
চকিতে নিজের মুখ ছুঁই, করি নিজেকেই খুন।
সময় তো নেই।

দেখো না আমাকে, তার চেয়ে আঁকো
অতি দরকারি বুনো সুতো আর
খুনঝরা জাল।

ডেকো না আমাকে: অধিকার শুধু সেটুকু মাত্র।
কী আমার নাম কী রকম আছি প্রশ্ন কোরো না।
ছেড়ে চলে যাও আমাকে চাঁদের ঠিক মাঝখানে
আমার নিজের আহত মাটিতে।


আমাকে ছেড়ে আসো

আমাকে ছেড়ে আসো ভূগর্ভে, কোনো গোলকধাঁধায়,
যেখানে আমি যেতে পারি, যখন ফেরার মর্জি,
চোখ ছাড়া, স্পর্শহারা,
শূন্যতায়, বোবা পাথরের কাছে,
কিংবা ছায়ার আঙুলে।

আমি জানি তুমি পারবে না, কেউ না, কারোরই
সন্ধানে নেই সে রাস্তা, বা আস্তানা,
তাহলে আমি কী করি এই নিষ্করুণ আবেগ নিয়ে,
যদি কোনো কাজেই না আসে তারা, প্রতিদিনের
এ বাহ্য জীবনে,
বেঁচে থাকার জন্য যদি তাকাতেই না পারি,
মৃত্যুকে এড়িয়ে, সবকিছু পেরিয়ে,
আদিম শিখার,
ধাতব ও নিথর, সত্তার ভেতর?