প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ পাতার ফাঁকে বসে টোনা বলছে, টুনি
সিংহ বনের রাজা থাকবে আর কতকাল, শুনি!
টুনি বলল, আমার বনের রাজা শুধু টোনা
টোনা ছাড়া অন্য কাউকে মানব না মানব না।
টোনা বলল, দুষ্টুমি না, শুনেছি কাল হাটে
পিঁপড়া নাকি রাজা হতে এসেছে তল্লাটে।
বাঘে-সিংহে লড়াই চলে, বলল বনের হাতি
পিঁপড়া থাকে পায়ের তলায় পিঁপড়া নিচু জাতি।
সিংহ ভাবে ‘খাঁটি কথা’ আমরা বনের রাজা
আমরা যা খাই সব ভিটামিন কাঁচা ও তরতাজা।
পিঁপড়া বলল, আমরা যদি এবার ভোটে জিতি
‘কাঁচা মাংস খাওয়া নিষেধ’ হবে বন্যনীতি।
আমরা যদি জিতি বনের পশু থাকবে সুখে
মিষ্টি মিঠাই পাটালি গুড় ভাজা বাদাম মুখে।
সিংহ রেগে দাঁত দুপাটি করছে খটোমটো
সিংহী বলল, ভোটের আগে যদি এমন চটো
ভোট পাবে না, অকারণে তুমি যাবে হেরে
সবাই বলবে পিঁপড়া ভালো, পিঁপড়াকে ভোট দে রে।