প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফাঁদ থেকে আরেকটা ফাঁদ

বেছে নেওয়ার নাম হলো জীবন

কম সহনীয় ফাঁদ খোঁজার ট্রেনিং নিতে গিয়া

দেখি ট্রেনিং অনেকগুলা।

একটা ট্রেনিং থেকে আরেকটা ট্রেনিং

বেছে নেওয়ার নাম হলো অধিকার

স্বাধীনতাও দেখি অনেকগুলা।

বাজারে শেকল আকারে কিনতে পাওয়া যায়

প্রথা মেনে তোমার জন্য কিনলাম একটা

ফিরে এসে দেখি তুমিও অনেকগুলা।

তোমাদের মধ্যে একটাকে বেছে নেওয়া নাকি প্রেম

বাকি তুমিগুলা পড়ে রইল, অপচয়,

তুমি আমার সবচেয়ে বড় অপচয়

তোমাকে বললাম, ‘চাবিটা তুমি রাখতে পারো’,

এর নাম নাকি বিশ্বাস, তুমি বললা, ‘অভ্যাস নাই

আর তোমার কোন শেকলের চাবিটা রাখব?

তুমি তো অনেকগুলা।’

আমিও তোমার সবচেয়ে বড় অপচয়।

নতুন একটা ফাঁদ খুঁজছি দুজন

তখন শিশুটাকে পাওয়া গেল

আমরা তার সঙ্গে মানিয়ে নিতে নিতে, নিতে নিতে

একদিন ভুলে গেলাম, আমরা কে ছিলাম

এর নাম নাকি দ্বিতীয় জনম।

একদিন মনে হলো, তার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারছি

তখন শিশুটি বলল, আমাদের তার আর প্রয়োজন নাই

আমরা ত্রস্ত হয়ে আমাদের জনক-জননীকে খুঁজলাম

কিন্তু ওনাদের আমরা আগেই মেরে ফেলেছিলাম

যেমন এই শিশুটি আমাদের ত্যাগ করেছে

তখন অনেকগুলা তুমির আর কোনোটা অবশিষ্ট আছে কি না

খুঁজতে গিয়া দেখি—

আমার খোঁজার মতো চোখ নাই, আঙুল নাই,

তুমিও আমারে খুঁজতেছ একটা ফাঁদ থেকে আরেকটা ফাঁদে

জীবন চলে যাচ্ছে।