ফারুক ফয়সলের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনেসোটার দ্রোহসময়

জানালার পর্দা সরিয়ে দিতেই কাচের ওপারে দৃষ্টি অসীম আকাশে,

রাস্তার দুধারে গাছগুলির অনাবৃত গায়ে আট মাস পর নতুন পাতার পোশাক।

চকচকে ধারালো রোদের ব্লেডে যদি হাত বাড়িয়ে দেয়া যেত!

মুষ্টিবদ্ধ হাত থেকে কনুই বেয়ে নামা রক্তের ফোঁটায় লিখতাম তাঁর নাম,

যে নাম তাঁর শরীরসমেত ছড়িয়ে দিয়েছে ভ্রাতৃত্বের পাঠ বিশ্বময়!

আরেক ফোঁটা রক্ত আঙুলের ডগায় ধরে দিতাম কোনো শ্বেতাঙ্গ শরীরে,

বলতাম, ‘আলাদা করো তো তোমার রক্ত, আমার রক্ত কণিকা থেকে!’

আমি স্বীকার করে নিচ্ছি হে মহাকাল, এই মরাকালের ভয় পারিনি জয় করতে,

আমার সাহসী ভাইবোনেরা বেরিয়েছে পথে, রৌদ্রস্নানে ভিজে পৌঁছেছে প্রতিবাদে।

সাহসী সে মিছিলে কোনো বর্ণ ছিল না, ছিল মানুষ হয়ে বেঁচে থাকা এক কাতারে

স্বেদবিন্দুগুলি কালো, সোনালি, ধূসর, বাদামি চুল বেয়ে কপাল হয়ে ঝরে পড়ে।

কী স্পর্ধায় সদ্য যুবক হয়ে ওঠা যে মানুষ পৃথিবীকে চেয়েছিল ছুঁয়ে দিতে

সময় তাঁর নাম গায়, মৃত্যুকে ছাড়িয়ে যায়, কালো সাদার বিভেদ ঘোচাতে।

আটলান্টিকের গান

লকডাউনের তিন মাসে একটিবারও শোনা হয়নি প্যাট্রিকের গান,

সুপুরুষ প্যাট্রিক গিটার হাতে দাঁড়াত ক্লিন্ট ইস্টউড স্টাইলে সটান

মানডে থ্রু ফ্রাইডে প্রতি সন্ধ্যায় ট্রেন থেকে নামতেই সুর ভেসে আসে কানে

স্প্যানিশ তরুণ-তরুণীর উল্লাস শুনি গ্র্যামি বিজয়ী কার্লোস ভাইভসের গানে

সন্ধ্যা প্রগাঢ় হয়, কোকের ক্যানে দুঢোক পান, আবার গলা জোড়া

প্যাট্রিক এখন জোড়ে, ভাইভস আর শাকিরার গলায় ‘লা বাইসাইক্লেটা লাটেরা’

রাতের গভীরতায় সন্ধ্যা হারায়, ফ্রাইডে নাইটে নাইট ক্লাবগুলো যৌবন ছুঁয়ে যায়

সাইড ওয়াকে বিষণ্ন সুরে বিলাপ ঝরায় ব্যর্থ প্রেমিক প্যাট্রিক রডরিগুয়েজ একা হায়!


প্রতি সানডে নিয়ম করে চার্চে যায়, ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা বিষণ্ন একা

কোনো কোনো সানডে বেসমেন্ট ডেরা থেকে তুলে নেই তাকে জোনস বিচের নিরালায়।

চারটে করোনা কি, দুটো মল্ট হুইস্কির পর হু হু হাহাকার হাওয়ায়

প্যাট্রিকের আঙুল আশ্চর্য দক্ষতায় গিটারের তারে খেলে খেলে যায়

তার কণ্ঠে কেঁদে কেঁদে যায় জাস্টিন বিবার, তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের ঢেউ

পৌঁছে দেয় হৃদয় ভাঙা সে বার্তা তাঁর শহর বোগাটায়, বাসে অগ্নিদগ্ধ মৃত প্রেমিকার কাছে

আটলান্টিকে গাঙচিল কাঁদে বেদনায়, প্রশান্ত মহাসাগরের হাওয়ায় ভাসে বোগাটার অশ্রু

জাস্টিন বিবার কেঁদে বলছে, ‘কখনো ভাবিনি আগুন পথে হাঁটব, এই অগ্নিদহন সইব।’

জুন আট, লকডাউন তুলে নিলে মৃত বন্ধু প্যাট্রিকের প্রাক্তন আবাসে যাই

রুমমেট বন্ধু বব নির্বাক, জলভরা চোখে গিটারখানা ছুঁয়ে থাকে

আনমনা আমি অস্পষ্ট দেখি, প্যাট্রিকের আঙুলগুলো আশ্চর্য নিপুণতায়

ওঠা-নামা করে, কেবল আমিই শুনি, ‘কখনো ভাবিনি আগুন পথে হাঁটব!’

অন্য আলোতে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]