ফেড আউট
তোমার প্রস্থানভঙ্গি ঘুরেফিরে আসে
অনিদ্রাপীড়িত ডায়াফ্রামে। শূন্যতায় উপুড় আকাশে
ঝুলে থাকা মধ্যাহ্নের মেঘ জানে বুকে নিয়ে বাষ্পভার
মানুষের জাগরণ কী রকম অনিদ্রাসংকুল
সেই স্তব্ধতার
ঢেউয়ে পাথরের ক্ষয়, বালির বিলাপ শোনা যায়;
তার নিচে মৃত প্রেমিকের গান ধ্বস্ত বারান্দায়
কেননা উন্মাদ হওয়ার আগে কাচের মেঝেয় পড়ে
যার পানপাত্র চুরমার, রহস্যময় সেই ঘরে
অনন্ত শস্যবীজ ছিল? মদিরাবাহিত স্নায়ুর কম্পনে
তুমি এসেছিলে হাওয়ার গুচ্ছ হয়ে, দুঃস্বপ্নের বনে
তৈরি হলো পথ, প্রদোষের স্মৃতি মন্থনের নীরবতা
সেদিকেই গেছে। দেখি, চলে যাচ্ছ সংগমের প্রথা
ভেঙে—যে আছে তোমার দেহে, দ্বিখণ্ডিত
জিব তার
আস্বাদ্য পতঙ্গের দেশে করছে বিস্তার
আর এই প্রতিবিম্ব ঘিরে কুমারীর দল নেচেছিল,
তোমার শরীরে নুনের তরল
সমূহ সংকেতে সকাল অবধি স্থির
ছিল; আমিও বলেছি, এই স্তব্ধ নদীতীর
থেকে যত উদ্ভিদ জটিল হয়ে ওঠে, মাঝিদের
সারল্য নিরীহ ছবির মতন মুছে যায়