বইয়ের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের বোঝায় খুকু হয়ে যায় বাঁকা

বাবা-মা’র কাজ শুধু তাকিয়েই থাকা।

ইশকুলে প্রতিদিন এত এত পড়া!

ব্যাগ তো ভারিই হবে, না নিয়ে কী করা!

বাড়ি ফিরে হোম টাস্ক, কোচিং বিকেলে

সারা দিন ব্যস্ততা, অবসর মেলে?

এতটুকু মাথাটায় কত কিছু থাকে

জিপিএ ও গোল্ডেন পেতে হবে তাকে।

ভালো ফলাফল শুধু মা-বাবার চাওয়া

ফড়িংয়ের পিছু পিছু হয় না তো যাওয়া।

প্রজাপতি কত রং গায়ে মেখে রোজ-

জানালার পাশে করে খুকুটার খোঁজ।

আনন্দ হইচই দেয় না তো ধরা,

সারাটা সময় শুধু পড়া পড়া পড়া...