বাঘারুর সঙ্গে আলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১.
কোনো কোনো অন্ধ রাতে প্রেমের পোশাক পরে আসে বাঘিনী। তার দেহ থেকে শরীরের অধিক কিছু খসে যায় নক্ষত্রপতনের মতো। তবু যা থাকে, তার কপালে আঁকা সাপ গিলে খায় তার অবশিষ্ট। অথচ আমরা কতকাল অপেক্ষায় ছিলাম। মেঘ সরে গেলে পরিষ্কার আকাশের মতো মুখের অপেক্ষায় ছিলাম। সে অপেক্ষার প্রান্তে এসে দেখি, ঝরনাধারার নিচে পড়ে আছে আকাঙ্ক্ষার শবদেহ।
২.
যেন মসলার বাজারে ঢুকেছি। দারুচিনির গন্ধ নিয়ে মেয়েটা দাঁড়িয়ে সামনে। বাঘারুর কাঁধের ওপর দাঁড়িয়ে একগুচ্ছ নিম ফল পেড়ে আনে সে। গালে তিব্বত স্নোর মতো চাঁদের আলো চিকচিক করছিল। শহর এলাকার একটা বাস এসে থামতেই তাকে আর দেখলাম না। আদৌ মেয়েটা এসেছিল কি না, ভাবতে ভাবতে দেখি, বাসের চাকায় পিষ্ট নিম ফল কুড়াচ্ছে বাঘারু।