বিরহী পদাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্তিকা নেবে না জানি, নেবে না আমাকে বনভূমি

নেবে না বাতাস, মধ্যাহ্নের দুর্বিনীত কোলাহল।

নেবে না আমাকে বৃক্ষছায়া; শান্ত-শ্যামল প্রান্তর

আমার স্পর্শের বাইরে থেকে যাবে গাঢ় মেঘমালা

আমাকে ছাড়াই মাঠে দোল খাবে শস্যের মঞ্জরি;

আগুন নেবে না জানি, সম্ভবত ভস্ম হওয়ার ভয়ে।

দগ্ধ হৃদয়ের খোঁজ রাখে না নীল নক্ষত্ররাজি

জ্বলন্ত গিরির চেয়ে বেশি দহনপ্রবণ আমি।

আমাকে নেবে না জলকণা, স্নিগ্ধ ভোরের শিশির

নেবে না চৈত্রের খরদাহ; বৈশাখের ঝোড়ো হাওয়া

নেবে না আমাকে কালের কপিল, দূরের আকাশ—

মাথার ওপর থেকে প্রতিবিম্ব সরে সরে যায়।

বর্ষার বিরহে কাঁদে ঝরে যাওয়া রাতের শেফালি

রুপালি জ্যোৎস্নার খোঁজে ছুটে যায় মায়াবি হরিণ।