বুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোঙরের আশা না করেই আমি জাহাজ ছাড়লাম

অগন্তব্যের দিকে;

ভেবেছি, ভ্রমণ হবে সীমাহীনে পৌঁছানো—

অজানার চিহ্নগুলোকে

স্পর্শ করে ফিরে আসা।

কিন্তু হঠাৎই নামতে হলো এক জনহীন স্থানে

যেখানে জলপাইবন ইঙ্গিত হেনে রেখেছে অসংখ্য সমুদ্রপথের দিকে।

চারপাশের বৃক্ষমন আমি বুঝি

বুঝি পতঙ্গমঙ্গলের গান,

কিন্তু সমুদ্র থেকে উঠে আসা পথের আঁতিপাঁতি খুঁজতে খুঁজতেই

লুপ্ত হলো ভ্রমণবোধ।

অনেক পথ হেঁটেছি জীবনে কিন্তু পথিক হতে পারিনি

পারিনি অদৃশ্যের কাছে বন্ধক দিতে

পদ্মগন্ধি সত্তার গান,

তবে কিনা হওয়ার হাহাকার জানাবে

তার হা-পিত্যেশ আবার!

উত্তরহীন আমি স্তব্ধ হই,

হঠাৎই মনে পড়ে বুদ্ধকে, যিনি বলেন:

তুমি নিজেই নিজের দীপ হও

করো আবিষ্কার নিজ পথের,

হও পথিক অপরিচিতের!