বৈশাখী ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* মৎস্য জাতির রাজা বলেই
খুব সমাদর পায়
বোশেখ এলেই কপাল পোড়ে
সবাই তাকে খায়।

* সারা বছর কেউ নেয় না খোঁজ,
বৈশাখেরই পয়লা দিনে
গরিবের এই খাবার বিনে
হয় না দেখি আসল ভূরিভোজ!

* বাতাস দিয়ে হয় না গড়া
খেতে ভীষণ মিষ্টি
নামটা কী তার, বলো দেখি
ওগো আমার ইষ্টি।

* হাজার মানুষ, হাজার পণ্য
বাজার তো নয় লোকারণ্য।
এর মধ্যে হারিয়ে গেলে
ঢের আনন্দ খুঁজে পেলে।

* নদীর তীরে বটের ছায়ায় বাউলা
সুর তুললেই মন হয়ে যায় আউলা।
একটা তারেই বাজে হাজার সুর রে
ধাঁধার জবাব পেয়ে গেছ? হুররে!

* সারা জীবন গাছে বসেই দোল খায়
গাছ থেকে ঘরে এলে
তাকে দিয়ে বুড়ো-ছেলে
বাতাস করে হাওয়া আর ঘোল খায়।

* বছরজুড়ে দোকান-মালিক বেচেন কত পণ্য
বছর শেষে খোলেন খাতা হিসাব কষার জন্য।
পাওনা যত আদায় করেন কড়ায় ও গন্ডায়
ক্রেতার মনটা দেন ভরিয়ে মিষ্টি ও মণ্ডায়।
নাম কী বলো সেই সে খাতার
ধাঁধার জলে দাও না সাঁতার!