মানুষ এখন ঘরে
[ক্যাথলিন ও’মিরা (১৮৩৯-১৮৮৮) ছিলেন ভিক্টোরীয় যুগের শেষদিকের একজন জীবনীকার ও আইরিশ-ফ্রেঞ্চ লেখক। গ্রেস রামসে হিসেবেও তিনি পরিচিত। এটি ছিল তাঁর লেখক নাম। ও’মিরা ছিলেন ব্রিটিশ ক্যাথলিক ম্যাগাজিন ‘ট্যাবলেট’-এর প্যারিস প্রতিনিধি। আইরিশ মান্থলিতে তাঁর অনেকগুলো আত্মজীবনীমূলক কাজ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
করোনা অতিমারির প্রেক্ষিতে এই কবিতাটি বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শেয়ার হয়েছে লক্ষাধিকবার। কবিতাটির রচয়িতা ক্যাথলিন ও’মিরা, নাকি কিটি ও’মিরা-তা নিয়েও রয়েছে তুমুল বিতর্ক। রচনার সন-তারিখেও মতান্তর বিস্তর। কেউ বলছেন, ১৮৬৯ সালে লেখা। কেউবা বলছেন, না, এটি লেখা হয়েছে মাত্র গত মাসে। অর্থাৎ মার্চ ২০২০ সালে। তবে এই কবিতা যখনই লেখা হোক না কেন, যিনিই লিখুন না কেন, সেই বিতর্কে জড়িয়ে আমাদের কোনো লাভ নেই। লোকসানের মাঝে টাইম লস। আসুন, তারচে বরং দেখি, কবিতাটা কী বলছে। ]
মানুষ এখন ঘরে
বই পড়ে
শোনে গান
বিশ্রাম নেয়
যত্ন নেয় শরীরের
তারা সৃষ্টি করছে শিল্প, খেলছে শিশুদের সঙ্গে
উপায় খুঁজছে তারা নতুনভাবে বাঁচার।
মানুষ এখন আরও গভীরভাবে শুনছে
কেউ ধ্যান করছে, প্রার্থনা করছে কেউ
কেউবা মুখোমুখি হচ্ছে নিজের ছায়ার
মানুষ এখন ভাবতে শুরু করেছে ভিন্নভাবে
কাজেই সেরে উঠছে তারা।
আর যারা বাঁচত অর্থহীন
বিপজ্জনক ও হৃদয়হীনের মতো
নির্বোধ অন্ধ পথে,
তারা না থাকলেও
পৃথিবী আবার সেরে উঠছে।
বিপদ যখন কেটে গেল
মানুষ আবার খুঁজে পেল নিজেকে
তারা মৃতের জন্য আনল শোকের মাতম
বেছে নিল নতুন পছন্দ
স্বপ্ন বুনল নতুন পৃথিবীর
কেটে নিল বাঁচার নতুন পথ
আর ঠিক মানুষ যেভাবে সুস্থ হলো
তারা একইভাবে সেরে তুলল পৃথিবীটাকে
সম্পূর্ণরূপে।
ভাষান্তর: গৌরাঙ্গ হালদার