মানুষ তুমি ওমরানকে বুকে আগলে রাখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দয়া করে আমাকে কেউ বলতে আসবেন না ওমরান মুসলিম না খ্রিষ্টান

দয়া করে আমাকে কেউ বলতে আসবেন না বোমাবাজরা সিরীয় নাকি ইসরায়েলি নাকি ইরানি নাকি আমেরিকান
আমাকে বলুন পৃথিবীতে কোথাও আর একটা বোমাও পড়বে না
একজন ওমরানও বাবা-মাহারা হবে না
রক্তাক্ত হবে না
আমি রাজনীতি বুঝি না বুঝতে চাই না
আমি সীমানা বুঝি না বুঝতে চাই না
আমি মানুষে মানুষে ভেদাভেদ মানি না
আমি জানি পৃথিবীর সব মানবশিশুর রক্তের রং লাল
আমি জানি পৃথিবীর সব মানুষের অশ্রুর রং এক
আপনারা আপনাদের যাঁর যাঁর আদর্শ আর পতাকা নিয়ে
বিশ্বাস-অবিশ্বাস-বিশ্বাসঘাতকতা নিয়ে নিজেরা নিজেরা সুখে থাকুন
আমাদের সব ওমরানকে বাঁচতে দিন
হাসতে দিন
তার মাথার ওপরের ছাদটাকে ভেঙে ফেলবেন না
তার মাথার ওপরের আকাশটাকে বোমারু বিমানে ছেয়ে ফেলবেন না
তার নরম গাল দুটোতে রক্ত কেন
তার হাতের উল্টো পিঠে রক্ত কেন
একবিংশ শতাব্দী পার হয়ে গেল
সহস্রাব্দ লক্ষ্য বিশেষ লক্ষ্য হলো
তবুও মানুষ বোমা বানাবে
বোমারু বিমান বানাবে
একে ফরটিসেভেন বানাবে
কালাশনিকভ রাইফেল বানাবে
পারমাণবিক বোমা বানাবে
আমার ওমরানকে মারার জন্য
আপনার ওমরানকে ক্ষতবিক্ষত করবার জন্য
আমার আয়লানকে হত্যা করবার জন্য
আপনার আয়লানকে বেলাভূমিতে হাত ভাঙা পুতুলের মতো ফেলে রাখবার জন্য
দোয়েল আর শ্যামা পাখিটিকে হত্যা করবার জন্য
হরিণ আর জিরাফের শিশুদের মারবার জন্য
রাজহাঁসের গলা কেটে ফেলবার জন্য বানাবে চাপাতি
আপনারা থামুন
নিজের হৃদয়ের কাছে ফিরুন
নিজের বিবেকের কাছে ফিরুন
বলুন আমার এই হাত কোনো বোমার বোতাম টিপবে না
আমার এই হাত কোনো ট্রিগারে আঙুল রাখবে না
কোনো চাপাতি কিংবা ছোরা ধরবে না
এক ফোঁটা রক্তও আমরা ঝরতে দেব না ওমরানের চোখ থেকে কপাল থেকে
এক ফোঁটা রক্তও আমরা ঝরতে দেব না কোনো ঘুঘুর বুক থেকে
শ্যামা আর কোকিলের কণ্ঠ থেকে
মানুষ তুমি নিজের কাছে ফেরো
মানুষ তুমি মায়ের আঁচলের কাছে ফেরো
নিজের হৃদয়ের কাছে ফেরো
বিবেকের কাছে ফেরো
মানুষ তুমি মানুষ নামের অযোগ্য হয়ে উঠেছ
মানুষ তুমি মানুষ হও
মানুষ তুমি দয়িতার হাত ধরে কথা দাও
মানুষ তুমি শিশুর কপালে চুম্বন করে কথা দাও
মানুষ তুমি আকাশের দিকে তাকিয়ে উদার হও
মেঘের দিকে তাকিয়ে জলজ হও
মানুষ তুমি ওমরানকে ভালোবাসো বুকে আগলে রাখো
মানুষ তুমি মানুষ হও