মায়ের আঁচলে লুকোই মুখ : আনিসুল হক
আমাদের ঢেউটিনে ছাওয়া বাড়ি,
সামনে উঠোন। বসন্ত বাতাসে ঝরে আমের মুকুল।
রান্নাঘরে বলক উঠছে ভাতের হাঁড়িতে,
মাছের ঝোলের গন্ধে মিশে যাচ্ছে মুকুলের ঘ্রাণ,
রেডিওতে তিস্তাপাড়ের গান—ও কি গাড়িয়াল ভাই।
আব্বা পায়চারি করছেন,
উঠোনের তারে শুকুতে দেওয়া আম্মার শাড়িতে শেষ বিকেলের রোদ।
ঝুলন্ত শাড়ির ফাঁকে দাঁড়িয়ে আব্বা বলতেন,
দেখো, সুদিন আসবে, ছেলেমেয়েরা তোমার বড় হোক, দেখো।
মাকে ভালো রাখবে সন্তানেরা।
আব্বা ছিলেন শিক্ষক। তিনি বলতেন, মাতৃভাষা মানে মায়ের ভাষা নয়,
মাতৃভাষা মানে ভাষা তোমার মা।
বলতেন, মাতৃভূমি মানে মায়ের ভূমি নয়, মাতৃভূমি মানে দেশ তোমার মা।
আমরা আম্মার আঁচলে মাঠ জিতে ঘরে ফেরা ঘামভেজা চুল মুছতাম।
আমগাছে ডেকে উঠত বসন্তের কোকিল।
আমরা বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে আব্বার পিছু পিছু
ভোরবেলা কুয়াশামাখা পথে খালি পায়ে হাঁটতাম প্রভাতফেরিতে।
আব্বাকে রংপুর গোরস্থানে শুইয়ে রেখে আমরা এখন ঢাকায়।
একরাতে স্বপ্নে আব্বা জিগ্যেস করেন, সুদিন কি এসেছে, বাবারা?
১৯৫২ থেকে কত বছরই তো গেল, জিগ্যেস করতে সাহস পাই না, তুমি কেমন আছ, বাংলা ভাষা?
১৯৭১ থেকে কত বছরই তো গেল, জিগ্যেস করতে সাহস পাই না, তুমি কেমন আছ, বাংলাদেশ?
শহীদের নিযুত আত্মারা আকাশে নক্ষত্র হয়ে জাগে।
কালো আকাশের গায়ে সপ্তর্ষিমণ্ডলের মতো প্রশ্নচিহ্ন আঁকে।
আম্মার কাছে যাই, তাঁর মুখে বয়সের ছাপ,
আম্মা বলেন, মন খুলে কথা বল, মা মানে মন খুলে মনের কথা বলা,
মা মানে মন খুলে সব প্রশ্ন জিগ্যেস করা।
আম্মার আঁচলে মুখ মুছে
আকাশে তাকিয়ে দেখি, সপ্তর্ষিমণ্ডলে আজও প্রশ্নচিহ্ন আঁকা।
শহীদেরা শুধোন সওয়াল, তোমরা কি আমাদের মতো নির্ভয়ে বলো?
শহীদেরা শুধোন সওয়াল, তোমরা কি আমাদের মতো নির্ভয়ে চলো?
আম্মার আঁচলে ফের লুকোতে চাই মুখ।
যদি পাই আজও কিছু রোদ্দুরের ঘ্রাণ।
যদি মোছা যায় কপালের বিন্দু বিন্দু নিরুত্তর ঘাম।
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭