যাপনচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা এবং ডেঙ্গুকে সঙ্গী করে

নয়টা-পাঁচটার ঢাকা শহর চক্কর খাচ্ছি।

কোভিড-১৯–এর গণটিকার দীর্ঘ লাইনের

শেষের আগেরজন হিসেবে দাঁড়িয়ে থাকতে পেরে

নিজেকে ভাগ্যবান বোধ করছি।

নোনতা জীবনে একটু মধুর স্বাদ নিতে

চায়ে এক চামচ চিনি বেশি দিতে গিয়ে

মনে পড়ে যাচ্ছে যে

তোমার উপেক্ষা পেয়ে আমি

‘মধুমেহ’ রোগের সঙ্গে প্রেম করেছি।

মান্দেলস্তাম আর বুকোস্কির কবিতার লাইন

এফবিতে পোস্ট করে হালফিল থাকছি।

রিফ্রেশড হতে ঢাকা টু কক্সবাজার

‘জন্ম থেকে জ্বলছি’ নামের

বিরতিহীন বাসের টিকেট কাটছি;

এবং বাসে যেতে যেতে

মরার এই এক জীবন নিয়ে

তোমার বানানো ওয়েব সিরিজের ‘সিজন–২’

অচিরেই দেখতে পাবার সম্ভাবনার সংবাদ পাচ্ছি।