যেন তোমার জীবনে ঘটি নাই কভু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথার মতন আমি
কথাটা তোমারই
অথচ আদৌ তুমি তা বলতে চাও নাই
আর আমি তোমার পরিচয় নিয়ে এর কানে ওর কানে
ঘুরে বেড়াচ্ছি মুখে মুখে।
কথা যত রটে পাল্টায় তত
আমিও পাল্টে যাচ্ছি
বিভিন্ন অর্থ হচ্ছি
ভাঙছি—
ঢুকে পড়ছি মানুষের চর্চার ভেতরে।
তাতে তুমি কিছুটা বিব্রত
বিরক্ত অনেকটাই
কপালের পেশিতে বাড়তি চাপ পড়ছে
ফলত ভ্রু দুইটার দূরত্ব কমে যাচ্ছে
একটা মৃতপ্রায় নদীর প্রস্থের মতন।
তুমি ভাবতেছ
মানুষ জীবনে কত সিলি সিলি ভুল করে
মাশুল দেওয়ার মতন বোঝাতে হয়
আরে ধুর, এটা তো একটা বোকামি ছিল
বোকা মানুষ যে কী সব বলে ফেলে বেখেয়ালে!
মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথার মতন আমি
তোমার বেখেয়ালে থেকে যাচ্ছি, তোমারই হয়ে
অথচ তুমি কেবলই খেয়াল ফিরে পেতে চাও যারপরনাই
ভাবতে চাও এ রকম কিছু বলো নাই,
যেন আমি একটা ভুল
সজ্ঞানে তোমার জীবনে ঘটি নাই কভু।