রঞ্জনের রুষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা তালগাছ পুকুরপাড়ে থাকে

একদা ছোট নদী চলত বাঁকে-বাঁকে

বিবাগি মেঘে মেঘে আমারও ভাসে মন

যদিও নাই কোনো শান্তিনিকেতন

কেমন ধু ধু লাগে—বলব আর কী যে

নিজের চোখমুখ চিনি না যেন নিজে!

আগেও দিনকাল ছিল কি খুব ভালো?

ডাকাত পড়ত না নিভলে ঘরে আলো?

পালকি নাই, আছে যদিও রাহাজানি

কাবুলিওয়ালারা; কিন্তু এ–ও মানি

এখন দিন কাটে ফোনের সংকেতে

পুলিশ দ্রুত আসে ট্রিপল নাইনেতে

হয়তো বলবেন ডাকঘরের কথা

পিয়ন থাকলেও চিঠির নাই প্রথা

দরজা খুললেই দেখি না কোনো খাম

গোধূলি রঙে লেখা নন্দিনীর নাম

তাতে কী আসে যায়! মেইল, টুইটার

এবং ফেসবুক ছাড়া কি চলে আর?

সবাই প্রকাশ্যে ডায়েরি লেখে, হায়

যারেই ব্লক মারে, তারই কফি খায়!

এখন ওকাম্পো নন তো আপনারই

চাইলে রিকোয়েস্ট পাঠাইতেই পারি

গ্লোবালাইজেশন খায় না কোন ভূতে

আরহেন্তিনায় কিংবা মংপুতে?

‘চে গুয়েভারা শার্ট’ কে না বেচতেছেন?

নন্দলালবাবু হয়তো আঁকবেন

এমন সব ছবি দেখেন নাই আগে

কেবল শালবীথি বড্ড ক্লিশে লাগে!

সবাই বলে, ‘দাও, বেইচা দিয়া যাও’

জমির দর বাড়ে, শরণার্থীরাও

শান্তি কে না চায়? কেনা যে দায়, জানে

খোয়াইয়ের পথে একটু সাবধানে!