রিহার্সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল সকাল মৃত্যুর রিহার্সেল করছে শিশুরা।
এ ওকে গুলি করছে
সে তাকে।
ও পড়ে যাচ্ছে ঘাসের ওপর
এ পড়ছে নদীতে।
একজনের লাশ আবার
গুম করে দিচ্ছে আরেকজন।
বাগানে পুঁতে রাখছে মানুষের চারা।
গাছের গোড়ায় মাটি বেঁধে
মঞ্চ বানানো হয়েছে।
সেখানে দাঁড়িয়ে একজন বলছে—
সব ঠিক আছে। ঘাবড়াবেন না।
শান্ত হন, শান্ত হন।