লাবণ্যমুদ্রিত ফুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাতবাসের দিন, মনে হয়, গাঢ় হয়ে এল

নখের আঁচড়ে ক্ষত। কুড়ালের অবিচ্ছিন্ন ঘায়ে

শমীবৃক্ষ তার শেষ বাকল ঝরাল

থাক তবে, লাবণ্যমুদ্রিত ফুলে

গোপন হত্যার কিছু রক্ত লেগে থাক;

পিণ্ডদান শেষ হলে মাঝরাতে চিতা নিভে গেলে

শ্মশানসমীরে ধীরে কাকচক্ষু জলে ছায়া কাঁপে

ছাইগোলা কালি দিয়ে

পাঁজরের দাঁড়ে বসে কেউ একা আঁকবে ময়ূর

তখন আশিরনখ কাম্য হবে মুমূর্ষুকে ঘিরে শুধু নাচ

কাম্য আরও বহু কিছু; কম্বুগ্রীবার নিচে

ধ্বংসোন্মুখ নগরীর বিচূর্ণ আনন

কাম্য হবে শেষ উদ্ভাসন

সে চেয়েছে সংখ্যাহীন শব ঘিরে মরণের স্তব

অজ্ঞাতবাসের দিন গাঢ় হয়ে এল

লাবণ্যমুদ্রিত ফুলে আরও কিছু রক্ত জমা হলো