শীতচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ শীতের ধূলিপত্রে
উড়ে আসে কুয়াশা রুমাল!
পাতা ঝরা ঝিম হাওয়ায়
বেজে ওঠে হিমেল বেহালা!
দূরের ছড়ানো পথে
পড়ে থাকা ঘাসের ঘুঙুর
আর পুরোনো টংঘরে জমে থাকা
স্ফটিক শিশির—এ শীতে—
আমাকে আছড়ে ফেলে দেয়
হাড়হিম পাহাড়ের বাঁকে
অরণ্যের সরু খাদে
বরফ জড়ানো কোনো শীতল চূড়ায়!
শীতের নৈঃশব্দ্য পার হয়ে
আমি ছুটে যাই
কুয়াশার ক্যারাভানে!
এ শীত আমাকে টেনে নেয়
খড়ের পোশাক পরা দেবীর ডেরায়—
পরিযায়ী পাখি ফেরে;
শীতের দেবীরা কি কখনো কবিকে ফেরায়?