সরোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : এস এম রাকিবুর রহমান

দূর ধূলিপথ আর জেগে ওঠা ঘাসের জঙ্গল পার হয়ে—ভাঙা আয়নামহল থেকে কিছুটা দূরেই এই সরোবর! ফেটে পড়া আনারের লালাভ দানার মতন সন্ধ্যায় তুমি সেরে নিচ্ছ তাতে শুদ্ধ স্নান। জলের রমণে তুমি ডুবে যাচ্ছ কোরক ছড়ানো ফেনাস্রোতে। সরোবর থেকে আরেকটু দূরে, দরবার-ই-কানাড়া বেজে ওঠা গানঘরে, তুমি লুকিয়ে রেখেছ এক সুরবাক্স—যা থেকে লহমায় ঠিকরে পড়ছে সান্ধ্য গীতল সরোদ! হারানো ব্যথার সারগাম আর পুরোনো সুরের ভেতরেই তুমি খুঁজে পাচ্ছ যত শব্দ, কান্না আর হাহাকার! ফিনফিনে অন্তর্বাস খুলেই তুমি নেমেছ পাপড়ি ভাসতে থাকা এ সরোবরে। তোমার নাভিতে জ্বলে উঠছে এক দ্যুতিচেরা টোপাজ পাথর! পেখম মেলা ময়ূরীগানে বাইজিবাড়িতে গড়িয়ে পড়ছে শুধু তামার মোহর। ঘুঙুর খুলেই তুমি নেমেছ আজ এ সরোবরে! জানি তোমার হারানো প্রেম জমা আছে কোনো গানঘরে।