সহজিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ রাতে বৃষ্টি অবিশ্রাম;
বলব না আঁধার ধুয়ে দিয়ে
কিংবা ছিঁড়ে খুঁড়ে, শুধু বলি,
এমন অধীর অলৌকিক;
সে এসেছে কেন যে কে জানে;
হয়তো কে কেমন আছে—হয়তো
ও পাড়ার রাধা কি ফিরেছে
অকালের অভিসার সেরে
এই কালে, যমুনা কি কাঁদে,
জলের বিরহে, ভালোবাসা
কতটা উতলা করেছে–বা,
দুই পাড় কতটা ভেঙেছে
জোয়ার ভাটায় থরথর
কই সে অনিঃশেষ রূপ
রূপান্তর চৈত্রের মাটির
হাড়পাঁজরের দীর্ণ শ্বাস
বা কী কথা কয়, কোন কথা,
আজও-বা বাঁশির সুরে লয়ে
শোনে মরণের ডাক কেউ
জনমজীবন কথকতা
কিন্তু কিন্তু কোথায় কোথায়
বৃষ্টি ঝরে ঝরে অবিরল
খোঁজে কার ধড়ে কতটুকু প্রাণ;
সে-ও জানে, হবে, হবে ভোর
খরায়ও গজাবে মুথাঘাস,
তাকেও গোটাতে হবে লেজ,
দাবি মেনে, কিন্তু কার দাবি,
মেনে নেয় মেনে নিতে হয়,
বেশি কিছু নয়, খুব কিছু;
এইবার গান ধরে পাখি
বাতাসের ঘ্রাণ কামনার
সঙ্গিনীকে কাছে ডাকে তার:
মানুষ সহজ হোক তার
মানুষীর কাছে, প্রকৃতির দেহান্তরে