সুমন রহমানের একগুচ্ছ নেক্রোন্যারেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন রহমান
সুমন রহমান

করোনা। পয়ারীদের জন্য তিনমাত্রার এক মিহি মায়াবি ফাঁদ। শুনলে করুণা জাগে। অথচ কী নিষ্করুণভাবে বিশ্বব্যাপী মানবসংহার করে চলেছে এই অদৃশ্য দানব। কেবল নামের কারণেই এই মহামারি একটা ভাষাতাত্ত্বিক বিপর্যয়ও তৈরি করছে। সেই বিপর্যয়ের চেহারা আপনি টের পাবেন টেলিভিশনের মর্মান্তিক অনুপ্রাসগুলোর মধ্যে।

আমি এই লেখাগুলোর নাম দিলাম নেক্রোন্যারেটিভ। নেক্রো মানে মরণ। কবিতার হ্যাংওভার থেকে খানিকটা মুক্ত হয়ে মরণকে পড়বার চেষ্টা।

বৃষ্টি হচ্ছে

বৃষ্টি হচ্ছে। কেউ মারা যাচ্ছে।

বাজ চমকাচ্ছে। কারও অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হল এইমাত্র।

ছাদে দেওয়া কাপড়গুলো আবারও ভিজছে।

ক্লান্ত ডাক্তার, আর তার অল্টার-ইগো, দুজনে চুপচাপ শুয়ে পড়েছে

                                      দুটো আইসোলেশন বেডে।

এই অবসরে বডিব্যাগ খুলে বেরিয়ে পড়ল কয়েকটি অল্পবয়স্ক জিন। বৃষ্টি দেখতে।

বৃষ্টি হচ্ছে। সবাই জেগে আছে। আলাদা আলাদা।

যার যার স্মৃতির ভিতর। জিন্দা কবরে।

বহুদূরে, অন্য গ্যালাক্সিতে, অন্য একটি গ্রহকে ঝাড়মোছ করা হচ্ছে

কিছু দেবদারুগাছ লাগানো হয়েছিল। তারাও বেঁচে আছে।

কী আশ্চর্য! নতুন গ্রহের ফেরেশতারা খুব খুশি।

কাল কিছু বানরকে পাঠানো হবে। পরীক্ষামূলকভাবে।

২০২০

একটা যুদ্ধের সিনেমা দেখি চলেন

প্রথমে লেলিয়ে দেওয়া হয় পদাতিক বাহিনীকে। দুই দিক থেকে হাজার হাজার পদাতিক একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝবার আগেই মারা যায় শয়ে শয়ে। ইনফ্যান্ট্রি। ফ্রন্টিয়ার তারা।

তার পেছনে থাকে আরেকটু ক্ষমতাশালীগণ। আসে ঘোড়ায় চড়ে। হাতে থাকে ঢাল ও তলোয়ার।

তার পেছনে সেনাপতিগণ। শ্যারিয়টে চড়ে।

তারও পেছনে, অন্তরীক্ষে, থাকেন দেব-দেবীগণ। যারা যুদ্ধের আগেই যুদ্ধের ফলাফল লিখে রাখেন।

আপাতত, গার্মেন্টসশ্রমিকেরাই আমাদের পৌরাণিক পদাতিক। নিরুপায় বিধিলিপিসমেত তারা ছুটে যাচ্ছে এই অসমান যুদ্ধের ময়দানে। অপর পক্ষ প্রস্তুত।

করোনা-দেবী জীবন চায়। ক্ষমতাবান চায় বিনা আয়াসের হার্ড ইমিউনিটি। আর পুঁজিবাদ চায় জিডিপি। সময় কারও যে নাই!

কিন্তু করোনা-দেবীর যদি তৃষ্ণা না মেটে, এই গরিব আত্মাদের বলিদানে?

পেছনের সারিতে আছেন ঘোড়সওয়ার মধ্যবিত্ত। ওয়ার্মআপ শুরু করতে পারেন!

এইটাই নেক্রোপলিটিকস। ক্রুয়েল সায়েন্স অব স্যাক্রিফাইস অ্যান্ড সারভাইভাল!

২০২০

কুলহারা কলঙ্কিনী

মৃত্যু আমাকে নেবে, গোরস্থান আমাকে নেবে না

শ্বাসকষ্ট আমাকে নেবে, ভেন্টিলেটর আমার হবে না

একটা উদভ্রান্ত অ্যাম্বুলেন্সে চড়ে আমি চিরতরে মঙ্গলগ্রহে চলে যাব

শুধু এই ভূখণ্ডে আমার জীবনটাকে আমি একটা মিথ্যা আশঙ্কা আকারে রেখে যাব

আমি থেকে যাব পরিসংখ্যানের পাদটীকা হয়ে

কোনো ডেটাবেইসেই জায়গা হবে না আমার

ওগো বিশেষায়িত হাসপাতাল, ওগো সাংবাদিক সম্মেলন

ওগো মহামারি-প্রশাসক, সহিংস সজাগ এলাকাবাসী

               তোমাদের আমি রগে রগে চিনি

আমি কুলহারা কলঙ্কিনী

               আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী!

২০২০

গিনেস রেকর্ড

আল কায়েদার বিমান যদি টুইন-টাওয়ারে না লাগত,

রানা প্লাজার ধস নিশ্চয়ই পৃথিবীর এক নম্বরে থাকত!

টাইটানিক যদি উদ্ধার হতো, তবে

ধলেশ্বরীতে ডুবে-যাওয়া লঞ্চগুলোকে নিয়ে রেকর্ড বইয়ে

এত সংকুচিত থাকবার কোনো কারণই থাকত না!

রেকর্ড বইতে জায়গা পেতে অবশেষে বানালাম বিশাল মানব পতাকা

সেটাও বেহাত হয়ে গেল স্বাধীনতার মাসে

তা-ও আবার পাকিস্তানের কাছে!

ক্রিকেট থেকেও সুখবর আসছে না! জাতীয়তাবাদের বেলুন ফুলবে কোন বাতাসে?

হে মহান মৃতগণ

অকাতরে অক্কা পেতে থাকা হে বাংলার মেহনতি গরিব

              আসেন এবার তবে জাতীয় সংগীত গাই

আপনারা সহায় থাকলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে

এবার আমরা আর কাউকেই প্রথম হবার সুযোগ দিব না।

এই ভার্সেটাইল সংগীত সমাবেশে হাড়ের ডুগডুগি বাজাবে

                   নিওলিবারাল রানা প্লাজা অপেরা।

এমভি হামজা ও রুস্তমের নেতৃত্বে এই মহান দক্ষযজ্ঞে

                    ওয়াটারব্যালে পরিবেশন করবে

ভাটিবাংলায় হারায়ে যাওয়া দামাল লঞ্চগুলো।

খুলি-ফাটানো আলোকসজ্জার আয়োজনে থাকবে

                তাজরিন ফায়ার থিয়েটার।

আপনি যদি কাল প্যারেড গ্রাউন্ডে তাদের কাউকে না দেখেন না শোনেন

তবে চোখের ও কানের ডাক্তারের কাছে যান

আর যদি সত্যি সত্যি দেখেন ও শোনেন

              স্নায়ুবিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিন

যত যা-ই হোক, আপনাকে তো থাকতেই হবে মাঝবরাবর

                      মডারেট-কর্পোরেট-জাতীয়তাবাদী হয়ে!

২০১৪