স্বপ্নভুক নগর–সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরাজ খুলে খাঁজকাটা বাক্সে গহনাগুলো

সপ্তর্পণে নেড়েচেড়ে দেখে নীলা

বাক্সভর্তি অথই শূন্যতা

হিরে-চুণি-পান্নায় পূরণ হয় না

সে নিঃসীম হাহাকার।

মনের গহিনে উঁকি দিয়ে যায়

বেণিদোলানো দুরন্ত কৈশোর,

মায়ের তাঁতের শাড়িতে জড়ানো উচ্ছল তারুণ্য

হাওয়াই মিঠাই রঙে রাঙানো বিকেল,

আর নচিকেতার ‘নীলাঞ্জনা’ হবার প্রজাপতি ইচ্ছেগুলো।

আজ মহানগরীর রাজপথে

বারবার হারিয়ে যায়

সে আনন্দগলির ঠিকানা,

এখানে আকাশভুক দালানের শহর

নিয়ন আলোয় সাজে রোজ রাতে,

পথের মোড়ে মোড়ে বিক্রি হয় দোলনচাঁপার সুবাস

ইথারে ভেসে বেড়ায় মেকি সুখ–আলাপন।

হাজার কোলাহলের ভিড়ে লোকাতীত শূন্যতার এ শহরে

স্বপ্নহীন রাত নামে দশ এমজি ফ্রিজিয়ামে,

এখানে রিমঝিম সেতারের ঐকতানে আষাঢ় নামে না,

আসে না ঘাসফড়িঙের পাখায়

ভর করা রোদেলা দুপুর,

কেবল ভুল ঠিকানায় কড়া নেড়ে যায়

কাকভেজা ক্লান্ত ডাকপিয়নের মতো

অনাহূত স্মৃতিরা।