প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ যদি পাই খেলবার মাঠ
আর কী আমার চাই!
খেলতে খেলতে ভুলে যাই সব;
মাঠ যে নিবিড় ঠাঁই।
পরস্পরের বন্ধু হবার
দেয় কে নিবিড় পাঠ?
আর কেউ নয় মাঠ আমাদের;
অবারিত ওই মাঠ।
বই যদি পাই পড়বার বই
সত্যি মনের মতো,
নতুন নতুন জগৎ দেখায়
প্রতিপল অবিরত।
কেউ বলে বই পাথরের মতো;
মিথ্যে কথা যে সব,
পড়তে জানলে বইয়ের পাতায়
সাগরের কলরব।
পাখিদের দেখে শিখি কত কিছু
পাখিরা কত যে ভালো,
ডানা মেলে দিয়ে আকাশে ছড়ায়
মুক্তির দিশা, আলো।
হাতছানি দিয়ে ওরা বারবার
আমাদের ডেকে বলে,
‘যাবে না সুদূর মেঘেদের দেশে?’
বলি, ‘যাব বড় হলে।’
মাঝিদের খুব ভালো লাগে বলে
তাদেরকে ভালোবাসি,
ঝড় কি বাদলে সাহসের সাথি;
সর্বদা মুখে হাসি।
বড় হলে আমি মাঝি হব, নয়—
জাহাজের ক্যাপ্টেন,
দেশ থেকে দেশ মহাদেশে যাব;
হবে কত লেনদেন।
ইচ্ছে এবং সাধ ও বাসনা
কত-না মনের মাঝে,
এসব কিছুই জাগিয়ে রাখছে;
ব্যস্ত রাখছে কাজে।