হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরা কেবল আকারেই বড়, বুদ্ধিতে খুবই কাঁচা

যেভাবে চলছে খুব বেশি দিন হবে না হাতির বাঁচা।

মেদ-ভুঁড়ি নয় সুস্থ জীবন, সুস্থ জীবন স্লিমে

হাতিরা শোনে না ভালো উপদেশ, হাতিরা যায় না জিমে।

এমন তো নয়, খুব বেশি দাঁত, দাঁত মোটে দুইখানা

সুস্থ থাকতে দাঁত মাজা লাগে—হাতির নেই তা জানা।

ইচ্ছা হলেই কাদামাটি মাখে হাতিরা নিজের শখে

বিউটিশিয়ান করবে কী বলো হাতির নোংরা ত্বকে!

সকলে বলছি হাতির মূল্য, ঢোকে না হাতির কানে

মরা হাতিদের দাম লাখ টাকা—হাতি কি সে কথা জানে?

কুলার মতন দুই কান অলা হাতিরা কি বদলাবে?

নাক কান গলা বিশেষজ্ঞের চেম্বারে হাতি যাবে!

কলাগাছ খেয়ে বুদ্ধি বাড়ে না, কমে যায় মোটা দাগে

দুর্দিনে পড়ে হাতিরা বুঝছে, যা কিছু বোঝেনি আগে।

লাখ টাকা দামি হাতির জন্য করুণা কেবলই বাড়ে

হাতি ইদানীং ভিক্ষা করছে রাস্তার দুই ধারে।