প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি লেখা। দেশের বড়মাপের একজন লেখকের ক্ষুদ্র একটি লেখা। প্রকাশিত হয়েছে দেশের বড়মাপের একটি দৈনিকের অনলাইন সংস্করণের ২৫ এপ্রিল সংখ্যায়। লেখার দৃষ্টি আকর্ষণীয় শিরোনাম ‘ঢাকায় তিতাস গ্যাসের গন্ধ নিয়ে রবীন্দ্রনাথ এখানে কিছু বলতে আসেননি’। শিরোনামের সঙ্গে শতভাগ একাত্ম হয়ে জোরগলায় বলা যায়, ‘না, ঢাকার রাস্তায় তিতাস গ্যাসের গন্ধ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বলেননি বা বলতে আসেননি।’ আসবেন কী করে? রবীন্দ্রনাথ তো ইহধাম ত্যাগ করেছেন (১৯৪১) ঢাকায় গ্যাস সরবরাহ শুরুর (১৯৬৮) দুই যুগের বেশি আগে। নিশ্চিত করে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বিষয়ে বিস্তর জ্ঞান থাকলেও তিতাস গ্যাসের গন্ধ বা ঘ্রাণ থেকে তিনি চিরবঞ্চিতই থেকে গেছেন। তাই লেখকের প্রশ্ন ‘জগতের সবকিছু? আবারও বলি জগতের সবকিছু?’ রবীন্দ্রনাথ ঠাকুরের জানা থাকার কথা নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞান বিষয়ে ‘জগতের সবকিছু’ শব্দত্রয়ের দ্বিরুক্তি করে লেখক আমাদের কী বোঝাতে চেয়েছেন তা বোধগম্য নয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানবিষয়ক সত্য কথাটি প্রমাণ করার জন্য আলোচ্য লেখকের এত কাঠখড় না পোড়ালেও চলত। কারণ, সময়ের বিষয়টি স্মরণে রাখলে পাঠক হয়তো এমন বিব্রত হতেন না। তাহলে কেন বা কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিতাস গ্যাসের ‘নলে’ ঢোকানোর এমন প্রয়াস!

কোনো জাতীয় দৈনিকের কর্তাব্যক্তি এবং দেশের প্রথম সারির কোনো লেখকের এমন রবীন্দ্র-প্রসঙ্গ ও অ-ব্যবহারের (অপব্যবহার বলছি না) কারণ আমাদের বোধগম্য নয়। লেখক অনুসারীরা হয়তো বলবেন এ কেবল কৌতুক। রবীন্দ্রনাথের ভাষায় এর উত্তর ‘এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা’। রবীন্দ্রনাথ ও তাঁর রচনা কি কেবল কৌতুকের কাঁচামাল? আর ‘পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি এবং বিদুতন বিভাগের উদ্যোগ’ সেই কাঁচামালের সরবরাহকারী।

‘বিশ্বভারতী’ বাদ দিলেও ‘রবীন্দ্র রচনাবলী’ এখন এই স্বাধীন বাংলাদেশেও একাধিক প্রকাশিত হয়েছে। সেসবের ভূমিকায় এই লেখায় উদ্ধৃতাংশের বাইরে তেমন কোনো ‘ছহি বাত্’ উল্লেখ না থাকলে সেখান থেকে উদ্ধৃত করা গেলে পাঠক খুশি হতে পারতেন। লেখক হয়তো এখানে ‘বিদ্যুতের’ সঙ্গে ‘তিতাস-গ্যাসের’ সাযুজ্য রক্ষার ব্রতে ব্রতী হয়েছেন। সবিনয়ে বলা যায়, রবীন্দ্রনাথ এখন আর কেবল পশ্চিমবঙ্গের নন। এমন ‘খোঁচা’ বাঙালি পাঠকমাত্রের জন্যেই বড় পীড়াদায়ক এবং অগ্রহণযোগ্য।

এই লেখার শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ‘অঙ্কিত চিত্র’ প্রকাশিত হয়েছে। যার শিরোনাম ‘রবীন্দ্রনাথের ক্যারিকেচার’। ‘ক্যারিকেচার’ শব্দের আভিধানিক অর্থ ‘উপহাসের বা হস্যোদ্রেকের উদ্দেশ্যে অতিরঞ্জিত অনুকরণ’ কিংবা ‘অতিরঞ্জিত অনুকরণ দ্বারা উপহাস করা বা হস্যোদ্রেক করানো’। শিল্পীর ক্যারিকেচারের উপাদানটা উত্তম বটে! স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কবি রবীন্দ্রনাথকে নিয়ে উপহাস অর্থে, ক্যারিকেচার করা এবং তা প্রকাশ করার অধিকার কে কাকে দিয়েছে বা দিতে পারে? প্রশ্ন জাগে, এমন অধিকার কতটা যুক্তিযুক্ত।

শেষ কথা, স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আরও সজাগ-সচেতন হওয়া এখন সময়ের দাবি। সময়ের কথা ভুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিতাস গ্যাস আর সেই গ্যাসীয় কর্মকর্তার কাতারে নামানোর প্রয়াস আমাদের সামনে এগোনোর পথকে রুদ্ধই করবে।

[এই প্রতিক্রিয়া লেখকের একান্ত নিজস্ব।]