অনেক প্রাপ্তি, অনেক স্মৃতি

সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ছিল বর্ণিল অবয়ব। বাইরের পৃথিবীতে তিনি কেমন ছিলেন, তা আমরা সবাই জানি। কিন্তু ঘরের ভেতর, একান্ত পারিবারিক পরিবেশে কেমন ছিলেন আনিসুজ্জামান? এই লেখায় ধরা পড়েছে সে রকম কিছু চিত্র।
সদ্য প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান তো আমাদের কাছে শুরু থেকেই আনিস ভাই। আনিস ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ১৯৮৫ সাল থেকে। সে বছর আমি তাঁর ছোট শ্যালক আমের ওয়াহাব বাবুকে বিয়ে করি। ৩৫ বছর ধরে তাঁর অসংখ্য গুণমুগ্ধ, ছাত্র, সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজনের সঙ্গে আমিও আনিস ভাইয়ের অতল স্নেহভান্ডারের অংশীদার হয়েছি।
বুবুসহ (সিদ্দিকা জামান) আনিস ভাই আমাদের পরিবারের বটবৃক্ষ আর কেন্দ্রবিন্দু, দুটোই ছিলেন। যেকোনো পারিবারিক সংকটের সমাধানে, পরিবারের যেকারও বিয়ের কথাবার্তায় তাঁদের, বিশেষ করে আনিস ভাইয়ের ভূমিকা ছিল অগ্রণী। ঈদের দিনে তাঁদের বাসায় আমরা সবাই একত্র হতাম। কোনো প্রবাসী আত্মীয় দেশে বেড়াতে এলে তাঁদের বাড়িতে একবেলা নিমন্ত্রণ না পাওয়ার কোনো প্রশ্নই উঠত না। আর তখন বেশির ভাগ সময় পরিবারের অন্য সদস্যরাও ওই নিমন্ত্রণের ভাগীদার হতেন।
আনিস ভাই আর বুবুর সৌজন্য আর আতিথেয়তা ছিল কিংবদন্তি পর্যায়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় থাকার সময় তাঁদের বাড়িতে কেউ না কেউ প্রায় প্রতিদিন একবেলা খেতেনই। বাবু আর আমি দুজনাই তোপখানা রোডে কাজ করতাম বলে প্রায়ই দুপুরের খাওয়া খেতে চলে যেতাম তাঁদের বাসায়।
আমাদের নববর্ষের দিনটির সূচনা তো হতো তাঁদের বাসাতেই। দিনটিতে আনিস ভাই আর বুবুর বাসায় হয়ে যেত ওপেন হাউস। ভোর থেকে রাত অবধি চলত মেহমানের ঢল। আনিস ভাই প্রত্যেকের সঙ্গে সদালাপে মগ্ন থাকতেন। বুবু গরম–গরম লুচি আর তরকারির অফুরন্ত সরবরাহ নিশ্চিত করতেন। অনেকে ঢুকে পড়ত তাঁদের রান্নাঘরে, লুচি বানানোর কর্মযজ্ঞে অংশ নিতে। প্রয়াত অধ্যাপক মুজাফ্ফর আহমদের স্ত্রী রওশন আপাকে একবার বলতে শুনেছি, ‘ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টারে থেকে প্রতিবছর পয়লা বৈশাখে ওপেন হাউস করার মতো বুকের পাটা একমাত্র আনিসুজ্জামান আর বেবিরই থাকতে পারে।’
আনিস ভাই আর বুবুর বাসা শুধু আমার আর বাবুর জন্য নয়, আমাদের অন্য আত্মীয়দের জন্যও ছিল একটি যাওয়ার জায়গা। বিষণ্ন লাগছে? অথবা বিশেষ কিছু করার নেই? চলো, বুবু-দুলাভাইয়ের বাসায়। তবে স্বভাবতই যেতে হতো তাঁদের আগে ফোন করে। কারণ, দুলাভাই অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। নির্ধারিত সময়ে পৌঁছতে আমাদের মাঝেমধ্যে দেরি হয়ে যেত। কিন্তু দুলাভাই ঠিক যথাসময়ে পাঞ্জাবি-পায়জামা পরে বসার ঘরে বসে থাকতেন। আর বুবুও যথারীতি ট্রলিতে নাশতা সাজিয়ে রাখতেন। তাঁদের গৃহকর্মী মাইনু খুব ভালো করে জানে, কেউ গেলে কী করতে হবে।
আনিস ভাই আড্ডা দিতে ভালোবাসতেন। এত গভীর জ্ঞান আর পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও আমরা যেকোনো বিষয়ে তাঁর সঙ্গে স্বচ্ছন্দে আলাপ করতাম। শুধু আমরা কেন, আমাদের মতো যেকেউ। ঘরোয়া আলাপে কোনো বিষয় বা কথা পছন্দ না হলে উনি সৌজন্য বজায় রেখে চুপ করে থাকতেন।
আনিস ভাইদের ফ্ল্যাটের সামনের দরজা অন্তত রাতে সবাই শুতে যাওয়ার আগপর্যন্ত কোনো দিন ভেতর থেকে ছিটকিনি আঁটা দেখেননি। কেউ এলে তাকে যেন বন্ধ দরজার সামনে অপেক্ষা করার বিড়ম্বনা সইতে না হয়, তার জন্য এই ব্যবস্থা। কাজেই দরজা ঠেলে আমরা অনায়াসে ঢুকে পড়তাম।
কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আনিস ভাই বলতেন, ‘এসো।’ বাড়িতে আসা যেকোনো অতিথিকে, তা তিনি গুণীজন, সাধারণ বা কিশোর যা-ই হোন না কেন, তিনি এই একইভাবে সম্ভাষণ করতেন।
সেই চিরপরিচিত ‘এসো’ ডাকটি আমরা আর শুনব না।
কানাডীয় সাহায্য সংস্থা সিডার একটি প্রকল্পে প্রয়াত প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আর আনিস ভাই মিলে একটি আইনি শব্দকোষ রচনা করেছিলেন। তাতে আইনের ইংরেজি শব্দের বাংলা অনুবাদ, আর বাংলা শব্দের ইংরেজি অনুবাদ ছিল। কাজটি ছিল বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধি করার একটি প্রকল্পের অংশ। কানাডার আইন মন্ত্রণালয়ে লিওনেল নামে এক ভদ্রলোক যুক্ত ছিলেন। তাঁর শেষ নামটি মনে নেই। প্রতিবছর প্রকল্পটি তদারক করতে তিনি ঢাকায় আসতেন। আনিস ভাই প্রতিবার তাঁকে ঢাকা ক্লাব বা অন্য কোথাও খাওয়াবেনই।
আনিস ভাই আড্ডা দিতে ভালোবাসতেন। এত গভীর জ্ঞান আর পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও আমরা যেকোনো বিষয়ে তাঁর সঙ্গে স্বচ্ছন্দে আলাপ করতাম। শুধু আমরা কেন, আমাদের মতো যেকেউ। ঘরোয়া আলাপে কোনো বিষয় বা কথা পছন্দ না হলে উনি সৌজন্য বজায় রেখে চুপ করে থাকতেন।
একবার আনিস ভাই আর বুবু কানাডায় বেড়াতে গেলে লিওনেল তাঁদের নিমন্ত্রণ করলেন, বাবু আর আমাকেসহ। দাওয়াত দেওয়ার সময় প্রসঙ্গক্রমে লিওনেল আমাকে বললেন, ‘আমি যতবার ঢাকায় যাই, আনিস আমাকে দাওয়াত করে খাওয়ায়। আমি একবার যাওয়ার আগে ভাবলাম, আনিস তো নিশ্চয়ই আমাকে এবারও খাওয়াবে, আমি একটা উপহার নিয়ে যাই। সেবারের পরে আবার যখন ঢাকায় গেলাম, আনিস আমাকে তো খাওয়ালই, সঙ্গে উপহারও দিয়ে দিল। সো, দেয়ার ইজ নো ওয়ে টু হ্যাভ আ ওয়ান আপ অন আনিস ওয়েন ইট কামস টু হসপিটালিটি।’
আনিস ভাইকে কখনো কারও ব্যক্তিগত বিষয়ে মতামত প্রকাশ বা হস্তক্ষেপ করতে দেখিনি। চাকরিজীবনের শুরুর দিকে আমি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমফিল করার উদ্দেশ্যে ভারত সরকারের বৃত্তির জন্য দরখাস্ত করি। আমার দুজনের প্রশংসাপত্রের দরকার ছিল। তার একটি লিখে দিয়েছিলেন দুলাভাই। আমি বৃত্তিটি পেয়েওছিলাম, হয়তো তাঁর পত্রেরই সুবাদে। কিন্তু কোনো এক ব্যক্তিগত বিবেচনায় শেষ পর্যন্ত সে বৃত্তিটি আমার আর নেওয়া হয়নি। এমফিল করতে দিল্লিতে যাওয়াও হয়নি। আনিস ভাইয়ের যে তীক্ষ্ণ স্মরণশক্তি, তাতে আমার বিশ্বাস হয় না যে ব্যাপারটা তিনি ভুলে গিয়েছেন। কিন্তু বিষয়টা নিয়ে একটা দিনও কোনো প্রশ্ন আমাকে করেননি।
তাঁর সান্নিধ্যে যিনিই এসেছেন, তাঁরই মনে হয়েছে, আনিস ভাই তাঁকেই বিশেষভাবে ভালোবাসেন।
তাঁদের বাড়িতে যারা গৃহকর্মী হিসেবে কাজ করতে আসে, তাদের স্কুলে ভর্তি করিয়ে দেন। তারা ওখানে থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। তারপরে কোথাও চাকরিতে ঢুকে পড়ে। ওঁদের বাড়ির প্রেক্ষাপটে এটা বিশেষ উল্লেখ করার মতো একটা ব্যাপার। কেননা, ওই বাড়িতে হরদম অতিথি আসা-যাওয়ার কারণে কাজের অন্ত নেই। তা সত্ত্বেও বুবু আর আনিস ভাই ওদের স্কুলে যাওয়া আর বাড়িতে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটতে দেননি।
আনিস ভাইয়ের সুবাদে তাঁর ঘনিষ্ঠ বহু ভালো ও গুণী মানুষের স্নেহে সিক্ত হয়েছি। তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু খোকন ভাই (এ জেড এম আবদুল আলী), তাঁর স্ত্রী লিলু আপা, মোজাফ্ফর আহমদ, রওশন আপা, মোহাম্মদ আলী ভাই, বুড়ি আপা, নূরুল হক ভাই, ফরিদা আপা। ভাইয়েরা সবাই আজ প্রয়াত। তাঁদের স্নেহশীল সংস্পর্শে এসে আমার জীবন, মন, মানসিকতা যে কতটা সমৃদ্ধ হয়েছে, তা ব্যাখ্যাতীত। আর তা সম্ভব হয়েছে আনিস ভাই আর বুবুর সবাইকে আপন করে নিতে পারার বিরল গুণে।
৩৫ বছরের অনেক প্রাপ্তি, অনেক স্মৃতি। আনিস ভাইয়ের অনুপস্থিতিতে পৃথিবীটা আজকে আমাদের সামনে অনেকখানি ম্লান। তাঁর প্রস্থানে আমরা সবাই যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। সামনে এগোবার পথে আলো পাচ্ছি না। আমাদের জীবনে তিনি ছিলেন আলোর দিশারি।
আমার মনে হয়, আনিস ভাই এবং তাঁর মতো অন্য বাঙালি মনীষীর জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা খুব জরুরি। স্কুল-কলেজের পাঠ্যসূচির মধ্যে তাঁদের জীবনচরিত অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবেই আমরা তাঁদের মূল্যবোধগুলো কিছুটা হলেও নিজেদের মধ্যে ধরে রাখতে পারব। যেকোনো মানুষেরই পৃথিবী থেকে চলে যাওয়া বিশেষভাবে কষ্টদায়ক। তবু কেউ কেউ থাকেন বিশেষ। আমার, বাবুর এবং আরও অসংখ্য মানুষের কাছে আনিস ভাই ছিলেন তেমনই একজন।
আনিস ভাই, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। জেনে নিন, আপনার একান্ত সার্থক জীবনের আলোয় আমরা আলোকিত হয়েছি।
অটোয়া, জুন ২০২০
অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]