>অন্য আলো ডটকমে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে লেখক-অভিনেতা-চিত্রকর আফজাল হোসেনের স্মৃতি ধারাবাহিক ‘অল্পস্বল্প দীর্ঘ জীবন’। বিচিত্র এক জীবন পাড়ি দিয়েছেন আফজাল হোসেন। সাতক্ষীরার গণ্ডগ্রাম থেকে ঢাকায় এসে চারুকলায় পড়েছেন, পত্রিকায় কাজ করেছেন, মঞ্চ কাঁপিয়েছেন একসময়। আর টেলিভিশনে তাঁর জনপ্রিয়তার কথা তো বলাই বাহুল্য। বিজ্ঞাপনের জগতেও আছে তাঁর নিবিড় পদচারণ। আবার লেখক ও চিত্রশিল্পী হওয়ার কারণে লেখক-চিত্রকরদের অনেকের সঙ্গেই রয়েছে অন্তরঙ্গ সখ্য। জীবনের এসব নানা বর্ণের গল্প আফজালের কলমে উঠে আসবে এখানে। আজ প্রকাশিত হলো পঞ্চম কিস্তি।
পাঁচ.
কাকা মুগ্ধ হয়ে আমার আঁকা ছবি দেখেন। তাঁর চোখে মুখে বিস্ময়!
: এসব তুমি এঁকেছ!
রান্নাঘর থেকে আম্মার গলা শোনা যায়,
: ওসবই দিনরাত করে, লেখাপড়া একদম করতে চায় না।
নারকেলের দুধ দিয়ে আলতাফ কাকার প্রিয় চিংড়ি মাছের কোরমা রান্না হচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে তার সুবাস।
উৎফুল্ল কাকার গলায় উচ্ছ্বাস,
: ওকে তো আর্ট কলেজে ভর্তি করে দিতে হবে।
বাইরের বড় পেয়ারাগাছটাতে শালিকদের হইচই। উঠোনভর্তি রোদের হাসি। গোলাঘরের চালে হট্টগোল করছিল একদল চড়ুই, তারা ঝাঁক বেঁধে উড়ে যায়।
আচমকা আব্বা ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসেন। দরজার পাশে ছাতা রাখা। বাইরে যাবেন বলে ছাতা হাতে নেন। কয়েক পা এগিয়ে সিঁড়ি বরাবর দাঁড়াতে দেখি আব্বাকে,
: কলেজে যেতে হলে আগে তো স্কুল পাস করতে হবে।
আমাদের দিকে না তাকিয়ে বললেন।
আলতাফ কাকা বুঝলেন, বুঝতে পারলাম আমিও, কথাটা বাঁ দিকে আমার উদ্দেশেই বলা। আমার মনের উঠোনজুড়ে যে রোদ ছিল, ছায়া নামে সেখানে। আমি এটাও বুঝতে পারলাম, কথা শেষ হয়নি। কাকাকে বলার মতো আর একটা জরুরি বিষয় এক্ষুনি বলবেন তিনি। সিঁড়িতে এক ধাপ নেমে আব্বাকে আবার দাঁড়াতে দেখি।
: গেল পরীক্ষায় অঙ্কে কত পেয়েছে সে, জিজ্ঞাসা করো।
আমি আর কাকা মুখোমুখি। তাকাই উঠোনে।
‘জব্বার জব্বার’ ডাকতে ডাকতে আব্বা ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন। উঠোনে কাপড় শুকাতে দেওয়ার জন্য টানানো তারে একটা দাঁড়কাক এসে বসে। বসেই হেঁড়ে গলায় ডাকে, অকারণে।
কাকার সঙ্গে খুবই সহজ ধরনের সম্পর্ক। আব্বার মতো ভয়ের নন মানুষটা কিন্তু অঙ্কে কত পেয়েছি, জিজ্ঞাসা করবেন কি না, সে ভয় জেগে ওঠে মনে।
লুকিয়ে ঝলকখানেক দেখেছি কাকাকে। হাসছেন। কত পেয়েছি, তা জিজ্ঞাসা না করে অনুমান করে নিয়েছেন, অঙ্কে ভালো করিনি। প্রশ্ন করলেন না, বললেন নিজের কথা—
অঙ্কে আমিও খুব ভালো ছিলাম না।
আম্মা গরম তেলে বোধ হয় মাছের টুকরো বা কিছু একটা ছাড়লেন। তেমন শব্দ পেলাম রান্নাঘর থেকে। আলতাফ কাকা যা যা খেতে পছন্দ করেন, রোজ সেসবই রান্না হচ্ছে। জেনেছি, আজ পার্শে মাছের ঝোল আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে। বেগুন তরকারির সঙ্গে বড় সাইজের ট্যাংরা মাছ আমার খুবই প্রিয়। অনুমান করে তার ঘ্রাণ পাওয়ার চেষ্টা করি। যেন সেটা বুকে বল জোগাতে পারে। মনের জানালা-দরজা দিয়ে অনুমানের ঘ্রাণ ঢুকল, সে সামান্যে সামান্য বল পাওয়া গেল। প্রশ্ন করি—
কাকা, অঙ্কে ভালো না হলে কি আর্ট কলেজে ভর্তি হওয়া যাবে না?
কাকার সবচেয়ে বড় গুণ, সদা থাকেন হাসিমুখে। হাসিমুখেই পিলে চমকানো প্রশ্নটা করে বসলেন—
অঙ্কে কি রকম খারাপ, পরীক্ষায় কত পেয়েছ এবার?
অঙ্কে কত পেয়েছি, সেটা মুখে বলা মুশকিল। কাকা উত্তর জানতে চেয়েছেন, কীভাবে বলা যায় ভাবছি। সেই ভাবনার মধ্যে হেড স্যার ঠান্ডা দৃষ্টিতে একবার তাকিয়ে দপ্তরিকে ডাকেন—
কাসেম?
বিপদকালে আল্লাহ যেন আমার প্রতি বিশেষ দয়া করলেন।
মামি মামি ডাক শুনতে পাই। ডাকতে ডাকতে বাইরের দিক থেকে বৈদ্য ঢুকল বাড়ির ভেতর। তার হাতে মিষ্টির হাঁড়ি। মুখভর্তি হাসি। বুঝতে পারলাম কোনো আত্মীয় এসেছেন কাকার সঙ্গে দেখা করতে। বৈদ্যর ঘুরে তাকানো অনুসরণ করে পেছন দিকে তাকিয়ে দেখতে পাই, সিংদরজা দিয়ে ঢুকল তিনজন মানুষ। কাকা কৌতূহলে একটু ঝুঁকে দেখলেন, চিনতে না পেরে আমার দিকে তাকান। আমার দশাও কাকার মতনই, ক্লাস সিক্স থেকে পরিবারের বাইরে—কোন দিক থেকে কে কেমন আত্মীয়, বলে চিনিয়ে দিতে হয়। এ বিষয়ে আব্বাও একই রকম। খুব নিকটের কেউ না হলে চিনে নিতে আম্মার সাহায্য লাগে।
আম্মাকে দেখতে পেলাম রান্নাঘরের দরজায়। অতিথিরা উঠোনের মাঝখানে। মুখের হাসি আর কেমন আছ সম্ভাষণ শুনে বোঝা যায়, নিকট আত্মীয়ই হবেন। এগিয়ে নিয়ে আসতে আম্মা উঠোনে নেমে গিয়েছেন। এখন লম্বা-চওড়া পরিচিতি অধিবেশন হওয়ার কথা। আমার মনে হলো, সরে পড়ার জন্য সেটা উপযুক্ত সময়।
আর্ট কলেজে ভর্তি করা হবে। কথাটা মনে ধরেছে। ছবি আঁকা বিষয়ে লেখাপড়া করা যায়, ধারণাই ছিল না। সেখানে কীভাবে, কেমন করে পড়ানো হয়, ওসব নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই, ভাবনায় গেঁথে গেছে ভর্তি হতে হবে আর্ট কলেজে, ব্যস। কেন জানি মনে হতে থাকে, এইমাত্র আল্লাহ যেমন বিপদ থেকে রক্ষা করেছেন, নিশ্চয়ই তিনি সামনের বিপদ অঙ্ক থেকে আমাকে রক্ষা করবেন।