অন্য আলো ডটকমে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে লেখক-অভিনেতা-চিত্রকর আফজাল হোসেনের স্মৃতি ধারাবাহিক ‘অল্পস্বল্প দীর্ঘ জীবন’। বিচিত্র এক জীবন পাড়ি দিয়েছেন আফজাল হোসেন। সাতক্ষীরার গণ্ডগ্রাম থেকে ঢাকায় এসে চারুকলায় পড়েছেন, পত্রিকায় কাজ করেছেন, মঞ্চ কাঁপিয়েছেন একসময়। আর টেলিভিশনে তাঁর জনপ্রিয়তার কথা তো বলাই বাহুল্য। বিজ্ঞাপনের জগতেও আছে তাঁর নিবিড় পদচারণ। আবার লেখক ও চিত্রশিল্পী হওয়ার কারণে লেখক-চিত্রকরদের অনেকের সঙ্গেই রয়েছে অন্তরঙ্গ সখ্য। জীবনের এসব নানা বর্ণের গল্প আফজালের কলমে উঠে আসবে এখানে। আজ প্রকাশিত হলো ষষ্ঠ কিস্তি।
পুত্র অঙ্ক পরীক্ষায় শূন্য লাভ করেছে। হেড স্যার পুত্রের সে কীর্তি আয়োজন করে দেখিয়েছেন, ভালো লাগেনি পিতার। অথবা লেখাপড়ায় ছেলের মোটেও মন নেই, তা কঠিন স্কুলের শাসনে একটুও বদলায়নি, হাতেনাতে উদাহরণ পেয়ে রাগে, অপমানে, দুঃখে আব্বা আর ঘটনার মধ্যে থাকতে পারছিলেন না। আচমকা চলে গেলেন। কারণ যেটাই হোক, ওভাবে চলে যাওয়ার ফলভোগ আমাকেই করতে হবে, বুঝে গেছি আমি।
ঘরে তিনজন মানুষ। কারও নড়াচড়া নেই। ভাবছি, ঘরের নৈঃশব্দ্য কেটে যাবে এখনই, তারপর কী আছে কপালে, কী আছে! হঠাৎ শুনি, ক্লাসে যাও। বুঝতে বাকি থাকে না, আমাকেই বলা। দরজা পার হওয়ার সময় শুনতে পেলাম, স্যার কাসেম ভাইকে জিজ্ঞাসা করছেন, ও কোন হোস্টেলে থাকে?
: হিন্দু হোস্টেল।
: যাও ওর বেডিংপত্র গুছিয়ে আমার এখানে নিয়ে এসো।
সামনে শূন্য লম্বা করিডর। পেছন থেকে যে নির্দেশ কানে এল, শুনে চোখে নেমে আসে অন্ধকার।
ফিরে এলাম ক্লাসে। অনেকের কৌতূহল, স্যার ডেকেছিলেন কেন? শুনেও না শোনার ভান করতে হয়। অঙ্ক খাতার গল্পটা বলা যায় না। বেশি নাছোড়দের বলতে হলো, হোস্টেল বদলাব। আমাকে স্যারের হোস্টেলে নিয়ে আসা হচ্ছে। চোখ কপালে তোলে তারা। নিজের কানকে বিশ্বাস করতে পারে না। একজন তো বলেই বসে, কী বললি, আবার বল।
নলতা স্কুলে ছাত্রাবাস ছিল দুটো। মুসলিম ও হিন্দু হোস্টেল। নামে আলাদা হলেও তখন ধর্মভেদ ছিল না স্কুলে বা কোথাও। ভর্তি হয়ে আমি প্রথমে উঠেছিলাম মুসলিম হোস্টেলে। স্কুল ভবন থেকে বেশ খানিকটা দূরে ছিল সে টানা বারান্দার একতলা ভবনটা। হিন্দু হোস্টেলে সিট মিললে চলে আসি বছরখানেক পর। সেটা ছিল স্কুলের একেবারে মধ্যখানে।
এ দুটো ছাড়া আরও একটা ছাত্রাবাস ছিল, বিশেষ ছাত্রদের থাকার জন্য। বিশেষ ছাত্র মানে পড়ালেখায় যারা খুব মনোযোগী, যারা মেধাবী। যারা ম্যাট্রিক পরীক্ষায় সেরা হবে, এমন সম্ভাবনাময় ছাত্রদের জন্য নির্দিষ্ট করা জায়গা। যশোর বোর্ডে নলতা স্কুলের সুনাম টিকিয়ে রাখতে পারবে—এমন ছাত্রদের হেড স্যার নিজের তত্ত্বাবধানে পড়াশোনা করাবেন বলে আলাদা করে একটা ছাত্রাবাস বানিয়েছিলেন। সে বিশেষ ছাত্রাবাসটা ছিল স্যারের বাড়ি ঘেঁষে।
স্কুলের একতলা মূল ভবনটা ছিল পূর্ব–পশ্চিমে লম্বালম্বি। পূর্ব দিকে ভবন শেষ হলে হেড স্যারের বাড়ি। বাড়িটার উত্তর দিকে সেই বিশেষ ছাত্রাবাস। আমার জায়গা হলো একেবারে যমের দুয়ারে। হেড স্যারের বাসার পেছনের বারান্দাসংলগ্ন ঘরটাতে। চার চৌকির একটাতে বিছানা তৈরি করা পেলাম। সেখানে বসবাস করা ছাত্ররা আমাকে দেখে অবাকই হয়েছিল হয়তো। হওয়ারই কথা। মুখ ফুটে কেউ কিছু বলেনি, কারণ সবারই তো জানা হয়ে গেছে বিশেষ ছাত্রাবাসে অবিশেষ ছাত্রটি এসেছি, হেড স্যারের বিশেষ অতিথি হয়ে।
রাত ১০টায় হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। উঠে যেতে হবে ভোরবেলায় আজানের আগেই। এই ভয়ানক নিয়মের নতুন জীবন শুরু হয়ে গেল।
প্রথম সকালটায় সময় মতো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙল ঠকাস করা সরু কিছুর আঘাতে। একেবারে কপালের মাঝ বরাবর জোর আঘাত। মনে হলো শুয়েছিলাম তুলোর মতো আকাশে, সে আকাশি চাদরটা ধরে হ্যাঁচকা টান মেরেছে কেউ। প্রায় লাফিয়ে উঠে যাই। দেখতে পাই যমদূত সামনে দাঁড়িয়ে।
হেড স্যারের হাতে লম্বা নিমের দাঁতন। অমন লম্বাকৃতির দাঁতন হয়, আগে কখনো চোখে দেখা হয়নি। বোঝা যায়, দাঁত মাজার সঙ্গে পেটানো—তা দিয়ে দুই কাজ সারেন তিনি। পেটানো যেন সুবিধাজনক হয়, তার জন্য দৈর্ঘ্যে সেটা বড়।
স্যার সেই লম্বা দাঁতন নেড়ে ইশারা করেন তাঁকে অনুসরণ করতে। ঘুমচোখ ডলতে ডলতে তা–ই করি। অন্য সবাই অভ্যাসমতো এমনি এমনিই উঠে গেছে। সবাই মিলে যাই পুকুরঘাটে। স্যার দাঁড়িয়ে থাকেন ওপরের সিঁড়িতে। বড় মাপের পুকুরের সিঁড়িও লম্বায় বেশ বড়। সার বেঁধে অজু করতে বসে যাই।
পুকুরের ডান পাড়ে ফুলবাগান তার মাঝখান দিয়ে সোজা চলে গেছে মসজিদের পথ। পাকা দেয়ালের ওপরে খড়ের ছাউনি দেওয়া সে মসজিদ বড় আয়তনেরই। আশপাশে উঁচু উঁচু গাছ। কত রকম পাখির মিলিত কিচিরমিচিরে সেজে ওঠা তেমন ভোর আগে দেখা হয়নি।
ফজরের নামাজ আদায় করে ফেরার পর বুক কাঁপানো এক নতুন অধ্যায়ের শুরু। হেড স্যার আমাকে আলাদা নিয়ে বসেন মাথায় অঙ্ক ঢোকাতে।
জীবনের সেই কোমলকালে সবচেয়ে কঠিন ও করুণ দশায় হাবুডুবু খেতে লাগলাম। যে অঙ্ক বুঝতে চেষ্টা করলে বা কষতে চাইলে হুট করে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যেত, তা যেন দুদিনেই বদলে গেল। স্যারের সামনে অঙ্ক নিয়ে বসলেই মনে হতো, ওপরটা ফাঁকা ফাঁকা। মনে হতো, মাথা নেই আমার। মুণ্ডুহীন মানুষের সামনে বসে থাকেন প্রবল শক্তিধর একজন মানুষ, যিনি বিরাট এক সাম্রাজ্যের মহান অধিপতি। যিনি জ্ঞানে হার মানতে শেখেননি। তাঁর ছায়ারও পরাজয় হবে, মানতে রাজি নন তিনি।
আলতাফ কাকা সকালবেলার রোদে বসে উঠোনের ওপর কঞ্চি দিয়ে আঁকাবাঁকা দাগ কেটে দেন, আমি সেটাকে সাপ বানিয়ে দিই। কাকা আবার আঁকাবাঁকা দাগ কেটে দিলে আমি সে দাগকে লতাপাতা করে দিই। সকালে চায়ের সঙ্গে এই খেলাটা চলছে।
প্রথম সকালটায় সময়মতো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙল ঠকাস করা সরু কিছুর আঘাতে। একেবারে কপালের মাঝ বরাবর জোর আঘাত। মনে হলো শুয়েছিলাম তুলোর মতো আকাশে, সে আকাশি চাদরটা ধরে হ্যাঁচকা টান মেরেছে কেউ। প্রায় লাফিয়ে উঠে যাই। দেখতে পাই যমদূত সামনে দাঁড়িয়ে।
আমাদের বাড়িতে চায়ের চলন ছিল না। পারুলিয়া বাজারের রইস উদ্দীন মিয়ার চা বেশ বিখ্যাত শোনা যেত। আব্বা তাঁকে বলে এসেছিলেন, লন্ডনে পড়া ভাই এসেছে। সকাল–বিকেল দুবার বাড়ি থেকে ফ্লাস্ক আসবে, ভালো করে চা বানিয়ে দিতে হবে। সে মতো দুবেলা বৈদ্য বাইরে থেকে চা নিয়ে আসে।
আগের রাতে এই উঠোনে বসে কাকাকে অঙ্ক পরীক্ষায় ফেল করেছি, বলেছিলাম। শূন্য পাওয়ার কথাটা বলার দরকার পড়েনি। কাকা অন্যান্য বিষয়গুলোয় কত কত পেয়েছি, জানতে চেয়েছিলেন। মন দিয়ে লেখাপড়া না করেও অন্য বিষয়গুলোয় নম্বর কখনোই মন্দ পেতাম না। সেবারও সব বিষয়ের নম্বর ভালো ছিল। কাকা খুশিই হলেন শুনে। বললেন, তোমার আব্বার সঙ্গে আর্ট কলেজে পড়ানো বিষয়ে কথা বলব।
কাকা আমার পরীক্ষা নিচ্ছেন মনে হলো। এমন পরীক্ষা দিনভর হলেও আনন্দের। কঞ্চির ডগা দিয়ে একটু আগে উঠোনের মাটিতে ত্রিভুজ এঁকেছিলেন, আমি তা দিয়ে মুহূর্তের মধ্যেই ঘর এঁকে ফেলেছি। বৃত্ত এঁকেছিলেন, সেটা দিয়ে খুবই দ্রুত এঁকে ফেললাম সূর্য। হিজিবিজি দাগ দিলেন কাকা, সময় ব্যয় না করে তা দিয়ে গাছ আঁকি। এঁকে ফেলি, গাছের ওপর দিয়ে একঝাঁক পাখি উড়ে যাচ্ছে।
এত সকালে বাড়িতে দর্শনার্থী জমা হয়নি। দর্শক মাত্র তিনজনা। ছোট ভাই বাবুল, জব্বার ও বৈদ্য। বৈদ্য জানায়, গত পূজায় গোয়ালঘরের পেছনে আমি আস্ত দুর্গা ঠাকুর বানিয়ে ফেলেছিলাম। ছোট সাইজের সে ঠাকুর দেখতে রোজ বহু মানুষ আসত। কাকা খুবই অবাক হন, কীভাবে বানাতে পারলে!
নদীর ওপারে পূজাবাড়ি আছে। প্রতিবছর সখীপুরে বড় আয়োজন করে পূজা হয়। দেবী বানানো শুরু হলে ছোটকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা হাঁ করে দাঁড়িয়ে দেখতাম, কীভাবে বাঁশের খাঁচা বানিয়ে তার ওপর খড় পেঁচিয়ে আকার তৈরি করা হয়। সেই আকারের ওপর কাদা লাগিয়ে মূর্তির আদল আনার কাজ ছিল অবাক করা। মনে হতো, আমিও পারব। বানাতে পারি কি না চেষ্টা করতে গিয়ে দেখলাম বানিয়ে ফেলেছি।
: মামা, ওর মাথায় অনেক বুদ্ধি। ও তো সিনেমা বানিয়েছিল একবার।
আমার মনে ছিল না, বৈদ্য মনে করিয়ে দেয় আর একটা লোক অবাক করা কাণ্ডের কথা। কাকা ভ্রু ভাঁজ করে তাকান, সিনেমা বানিয়েছিল মানে!
অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]