>অন্য আলো ডটকমে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে লেখক-অভিনেতা-চিত্রকর আফজাল হোসেনের স্মৃতি ধারাবাহিক ‘অল্পস্বল্প দীর্ঘ জীবন’। বিচিত্র এক জীবন পাড়ি দিয়েছেন আফজাল হোসেন। সাতক্ষীরার গণ্ডগ্রাম থেকে ঢাকায় এসে চারুকলায় পড়েছেন, পত্রিকায় কাজ করেছেন, মঞ্চ কাঁপিয়েছেন একসময়। আর টেলিভিশনে তাঁর জনপ্রিয়তার কথা তো বলাই বাহুল্য। বিজ্ঞাপনের জগতেও আছে তাঁর নিবিড় পদচারণ। আবার লেখক ও চিত্রশিল্পী হওয়ার কারণে লেখক-চিত্রকরদের অনেকের সঙ্গেই রয়েছে অন্তরঙ্গ সখ্য। জীবনের এসব নানা বর্ণের গল্প আফজালের কলমে উঠে আসবে এখানে। আজ প্রকাশিত হলো সপ্তম কিস্তি।
সাত.
আমাদের ছোট ছেলেটার নাম ঈমান। কম কথা বলে আর খানিকটা ভাবুক ধরনের। ছোটকালে ঘরের শত জায়গা ফেলে চেয়ারের হাতলের ওপর দাঁড়িয়ে ভাবত। হয়তো ঘরে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যেত বসার ঘরে। লম্বা সোফার মাথার ওপরের চার-পাঁচ ইঞ্চি সরু জায়গাটা দিয়ে পায়চারী করছে। দেখে সবাই হইহই করে উঠলেও আম্মা হাসতেন।
: ছেলে এখন তোকে ওই সব করে দেখাবে, যা যা করতিস তুই। তুই এখন সে সবই করবি, যেসব আমাদের করতে হয়েছে।
একটা কাণ্ডের কথা মনে পড়ে। সাইকেল চালানোর খুব শখ। বাড়িতে দু-দুটো সাইকেল। তখন সাইকেল ছিল খুবই শৌখিন বিষয়। এতটাই শৌখিন, দাদার মতো ডাকসাইটে লোককেও দেখতাম নিজের সাইকেল নিজে পরিষ্কার করছেন।
ক্লাস সেভেনে পড়লেও আমার ওপর নিষেধাজ্ঞা ছিল, সাইকেল ছুঁতে পারব না। অন্যের সাইকেল ধার নিয়ে খোলপ্যাডেলে চালানো শিখে ফেলেছিলাম। সিটে বগল চড়িয়ে ঝুলে থেকে ফ্রেমের মাঝখান দিয়ে পা পা করে প্যাডেল মেরে চালানোকে বলা হতো, খোলপ্যাডেলে চালানো।
লম্বায় ছোট হলে সাইকেলের সিটে চড়ে বসলে পা মাটিতে ঠেকানো যেত না। তবু ইচ্ছা, ওভাবে চালাতে হবে। ছোটবেলায় ছোট থাকতে চায় না কেউ।
ধার করা সাইকেল নিয়ে একদিন সেই চেষ্টায় মেতেছিলাম কামারপাড়ার পূজামণ্ডপ আর গাজীবাড়ির মসজিদের উল্টো দিকে যে বাঁশঝাড়, তার মধ্যে। সেটা পশ্চিম দিকের পুরোনো আর পূর্বদিকের বড় রাস্তাকে যুক্ত করা একটা পায়ে হাঁটার পথ। সে পথে লোক চলাচল তেমন ছিল না বলে আমাদের জড়ো হওয়া, মার্বেল খেলা ইত্যাদির উপযুক্ত জায়গা ছিল সেটা।
খানিকক্ষণের কসরতে পেরে গেলাম সিটে বসে চালানো। মনে হলো বড়ই তো হয়ে গেছি। যার সাইকেল, তাকে একবার সামনের রডে বসিয়ে চালিয়ে দেখলাম, সহজই তো। পেছনে বসিয়ে চালানো নাকি আরও কঠিন শুনেছিলাম। কঠিন শব্দটাকেই পছন্দ হতো না। মনে হতো চেষ্টা করলে সবই সহজ ও সম্ভব।
পেছনে বসিয়ে চালানোর চেষ্টা করে মনে হলো, লোকে যতটা বলে, কাজটা তেমন কঠিন নয়। যার সাইকেল, সে বিশ্বাসই করতে চায় না, সেই প্রথম সিটে বসে সাইকেল চালাচ্ছি। অন্য রকম এক আনন্দে আমি তখন অস্থির। চড়ে আছি সাইকেলে, মনে হচ্ছিল পঙ্খীরাজ ঘোড়ার পিঠে। মন বলছিল, সব কঠিনকে তুড়ি মেরে জয় করেছি। সব পারি, সব পারা সম্ভব।
হঠাৎ মাথায় আসে একটা কঠিন পরীক্ষার কথা। ইচ্ছাশক্তি তখন আমার সাহসে ডানা জুড়ে দিয়েছে। মনে হলো, আজ এখনই বিশেষ প্রমাণ করতে হবে নিজেকে। ভাবামাত্রই ছুটলাম সাইকেল নিয়ে।
হাওয়ার গতিতে বড় রাস্তা পার হয়ে যখন উল্টো দিকের হাঁটা রাস্তায় নেমেছি, সাইকেলের মালিক বন্ধু শঙ্কিত হয়ে পড়ে, ‘কুথাই যাতিছিস তুই?’
সাইকেল থামিয়ে ওকে নামতে বলি। সে নামে। আমি নেমে পড়ি বাঁ পাশের ধানের খেতে। পেছন থেকে চিৎকার শুনি, ‘কী করতিছিস, কী করতিছিস!
থামি না। মনে মহা উত্তেজনা, আজ বিশ্বজয়ের আনন্দ পাওয়ার সূবর্ণ সুযোগ।
রাস্তা দিয়ে সাইকেল চালানো, সে তো মানুষ পারেই, আমি দেখতে নেমেছি, ধানখেতের অসমান সরু আইল বেয়ে চালিয়ে যেতে পারব কি না! উঠে যাই সামনে পাওয়া আইলে। বুকে একটু ভয় ঢুকল। দুধারেই ধানখেত। সাইকেল অন্য মানুষের। যদি কাত হয়ে পড়ি, পড়তে হবে পানিতে এবং কাদায়। তারপর! দাদার চেহারাটা ভেসে ওঠে। দাদার রাগী চেহারা কাবু করতে পারে না। আমি পারছি। শ্বাস নিতে পারি, চমৎকার চালিয়েও যেতে পারছি।
পেছন চিৎকারহীন। সরু আইল বলছে, শাবাশ শাবাশ। কোনো অজানা থেকে হো হো করে ধানখেতে নাচতে নেমে এল তুমুল হাওয়া। সামনে সবুজ ঢেউয়ের মাতামাতি। যেন আমার কঠিনকে জয়ের আনন্দ, উৎসব বানিয়ে উদযাপন করা হচ্ছে।
রান্নাঘরে গরম গরম তেলের পিঠা ভাজা চলছে। আম্মা কয়েকটা দিয়ে গেলেন কাকার সামনে। আলতাফ কাকা পিঠা হাতে নিয়ে বলেন,
: আর মাত্র কয়েকটা দিন। তারপর ফিরে যাওয়া। ফিরে গিয়ে এই আদর-ভালোবাসার কথা মনে হবে, আর কষ্ট পেতে থাকব।
রান্নাঘর থেকে আম্মা বলেন,
: যাওয়ার আগে ভাইপোকে বুঝিয়ে যেয়ো, দুষ্টুমি বাদ দিয়ে লেখাপড়ায় মন দিতে।
: ওকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমি তো দেখছি ওকে।
: কদিন যাবৎ বাড়িতে আছ, এক দিনও বইপত্র নিয়ে বসতে দেখেছ?
: ছুটির সময় ছুটি কাটাবে, এখন বই, পড়ালেখা থেকেও ছুটি। আর দুষ্টুমির কথা বলছেন ভাবী, ওটা খারাপ কিছু না।
এই প্রথম একটা নতুন কথা শুনলাম, দুষ্টুমি খারাপ কিছু নয়।
জীবনে অসংখ্যবার মন্দ অর্থে ওই শব্দটা শুনতে হয়েছে, শুনতে হয়। যার মধ্যে অভিযোগের উঁকি আছে, দোষারোপের ভাব আছে। তা ভালো লাগার মতো শব্দ নয়। ভালো লাগত না। কিন্তু কোনটা করলে দুষ্টুমি হয়ে যায় আর কী কী করলে হয় না, হিসাব করে বুঝতে পারতাম না।
ধরা যাক, আমার ব্যাঘ্রসমান দাদা ভেতর বারান্দায় বসে গড়গড়া টানছেন। আমি উঠোন দিয়ে হেঁটে আসছি। হঠাৎ মনে হলো, সবাই তো একরকম করে হাঁটে, অন্য রকম করে হেঁটে দেখা যাক না। ভাবামাত্র কাজ। পায়ের তলা মাটিতে না লাগিয়ে হাঁটার চেষ্টায় নেমে পড়লাম। যখন সেটা করেছি, জগতের সবচেয়ে আনন্দময়, উপভোগের বলেই মনে হয়েছে। তখন তো দাদা বসে সব দেখছেন, সে কথা মনে থাকেনি।