অন্য আলো ডটকমে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে লেখক-অভিনেতা-চিত্রকর আফজাল হোসেনের স্মৃতি ধারাবাহিক ‘অল্পস্বল্প দীর্ঘ জীবন’। বিচিত্র এক জীবন পাড়ি দিয়েছেন আফজাল হোসেন। সাতক্ষীরার গন্ডগ্রাম থেকে ঢাকায় এসে চারুকলায় পড়েছেন, পত্রিকায় কাজ করেছেন, মঞ্চ কাঁপিয়েছেন একসময়। আর টেলিভিশনে তাঁর জনপ্রিয়তার কথা তো বলাই বাহুল্য। বিজ্ঞাপনের জগতেও আছে তাঁর নিবিড় পদচারণ। আবার লেখক ও চিত্রশিল্পী হওয়ার কারণে লেখক-চিত্রকরদের অনেকের সঙ্গেই রয়েছে অন্তরঙ্গ সখ্য। জীবনের এসব নানা বর্ণের গল্প আফজালের কলমে উঠে আসবে এখানে। আজ প্রকাশিত হলো অষ্টম কিস্তি।
আব্বার সঙ্গে লম্বা সময় ধরে কথা হয়েছে আলতাফ কাকার। আব্বা মন দিয়ে কাকার সব কথা শুনেছেন। একাজ-সেকাজের অজুহাতে আম্মা বারান্দায় হাঁটাহাঁটি করেছেন। অত রাতে উঠানে নেমে কাপড় শুকানোর জন্য টানানো তারে কী কী যেন মেলে দিতে গেছেন। অকারণে ও ঘর থেকে সে ঘর করেছেন—শুনতে, জানতে কী কথা হচ্ছে এবং আব্বার মনের ভাব কী রকম।
আব্বা কথা না বলে শুনে গেছেন। কোনো কথা না বলে শুধু শোনা, ভয় বাড়িয়ে দেয়। জানালার পাশে বসে, আধা খোলা পাল্লার ফাঁক দিয়ে দেখে চলেছি দুজনকে। আম্মাকে জানিয়ে দিয়েছি, আর্ট কলেজে ভর্তি হতে চাই-ই চাই। নতুবা আমি বাড়ি থেকে পালিয়ে যাব।
একসময় বোঝা যায়, যা বলার বলে ফেলেছেন কাকা। কথা শেষ হলে লম্বা সময় ধরে উঠানটা থাকে নিঃশব্দ। তারপর আব্বা একটা প্রশ্ন করেন।
আমি আম্মাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য পালিয়ে যাওয়ার কথা বলিনি। আম্মা সেটা বুঝেছেন। সে জন্যই কাকাকে চাপ দেওয়া হয়েছে, সুযোগ হলেই বলে ফেল। সুযোগ যাকে বলে, তা পাওয়াও গেল। অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।
সন্ধ্যার পর থেকে আমার মনে অস্থিরতা। আব্বাকে যে বলা হবে, শুনে কী বলতে পারেন। অস্থিরতার বিশেষ কারণ, অঙ্কের সেই বিশেষ রেজাল্ট। হেড স্যার খবর পাঠিয়ে পুত্রের শূন্য পাওয়া অঙ্ক পরীক্ষার খাতা দেখিয়েছিলেন। সেই দিনের কথা যদি মনে হাজির হয়ে যায়!
খাওয়ার পর আব্বা উঠানে পায়চারি করছিলেন। আম্মা রান্নাঘর গুছিয়ে ঘরে যাওয়ার সময় ইশারায় কাকাকে কথা শুরু করতে বলেন।
বিলেতে থাকে, ডাক্তারি পড়ে বলে এখানে আসার পর থেকে গ্রামের ও বাড়ির লোকজনের কাকার প্রতি মনোযোগ বিশেষ। কাকা দেখতে পান, ঘোষপাড়া থেকে ঘি নিয়ে এসেছেন একজন, ডাক্তার খবর পাঠাইছিল ভালো ঘি লাগবি।
বৈদ্য কখনো ঝুড়িতে করে গলদা, বাগদা চিংড়ি বয়ে আনছে। সে-ই কোনো দিন আনছে বড় ভেটকি মাছ—ছয়-সাত সের ওজন হবে। মুখজোড়া হাসি, জেলেপাড়ার মুকুন্দকে খবর দিয়ে রেখিছিল মামা।
নানাজনকে হরেক কিছুর জন্য বলে রেখেছেন আব্বা। বিলেতের ভাইকে নিত্যনতুন আর সেরা যা যা আছে, সবই খাওয়াতে হবে। কোন দূরের গ্রাম থেকে মহিষের দুধের দই আসে। এসেছে জানতে পেরে জানিয়ে যান, আমাদের এদিকটায় কেউ মহিষের দুধের দই বসায় না। অন্য অঞ্চল থেকে আনানো হয়েছে।
সুন্দরবন থেকে চলে আসে হরিণের মাংস। প্রায়ই বৈদ্যকে ডেকে রবি ময়রার দোকানে পাঠাচ্ছেন—যাও, মালপোয়া বা ছানার পোলাওয়ের জন্য বলে এসেছিলাম।
আলতাফ কাকা বুঝতে পারেন, সবই ভাইয়ের জন্য ভাইয়ের স্নেহ, ভালোবাসার প্রকাশ।
তখন মর্যাদা-সম্মান রক্ষার অদ্ভুত নিয়ম, বড়র সঙ্গে পরিবারের ছোটদের মুখোমুখি কথা হবে না। তিনি বললে হবে, নতুবা নয়। পরিবারপ্রধান যেন আপন সংসারে অন্য জগতের মানুষ। সবই তাঁর। তিনি সবার এবং তিনি একা। এই একার অনুভব কি উপভোগ্য? বা হয়তো তা নিয়ে ভাবাও হয় না। ভাবা হলে রীতিবদলের চেষ্টার দর্শন মিলত। এমনও হতে পারে, মনে বদলের ইচ্ছা জাগে, তার মুখোমুখি সংকোচও মাথা তুলে দাঁড়ায়—আর হয়ে ওঠে না। যা যেমন থেকে যায়, তেমনই। বড় বলে সবার সঙ্গে তাঁর বসা হয় না। খেতেও বসেন একা, আলাদা স্থানে। সেটাই বড়র জন্য বিশেষ আয়োজন।
দূরত্ব অনেক আবার সম্পর্কের প্রতি মনোযোগও অসীম। রোগী দেখতে দেখতে হয়তো হঠাৎ মনে পড়েছে, আলতাফ হাঁসের মাংস খায় কি? বাড়ির ভেতরে এসে কাকা সামনে রয়েছেন, তাঁকে পার হয়ে রান্নাঘরে আম্মাকে জিজ্ঞাসা করবেন, আলতাফ কি হাঁস খায় না, এ পর্যন্ত বাড়িতে একদিনও হাঁস রান্না হলো না যে! হয়তো আমড়ার কথাও মনে পড়ে গেছে, বলবেন, বৈদ্যকে বলো আমড়া কিনে আনুক। আমড়া দিয়ে চিংড়ি মাছ তাঁর পছন্দ ছিল।
এমনটা ঘটে চলেছে নিত্য কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের লন্ডন কেমন, সেখানে থাকতে কেমন লাগে, পছন্দমাফিক খাওয়া মেলে কি মেলে না, এসব নিয়ে কথা হয় না। আর কত দিন সেখানে থাকতে হবে, লেখাপড়া শেষ হলে কী করার ইচ্ছা, এসব নিয়ে বড় ভাইয়ের প্রশ্ন, জানার ইচ্ছা থাকা স্বাভাবিক। কিন্তু দীর্ঘকাল ধরে সম্পর্কে অস্বাভাবিকতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে নিতে সহজ হওয়ার চেষ্টা কেউ আর অনুভব করে না। কিংবা অনুভব করলেও নিয়ম, ধারা বজায় রাখতে গিয়ে ইচ্ছা ও আবেগ মনের অন্দরেই নিঃশব্দে পাথর হয়ে জমে থাকে। তা প্রকাশ হয় না।
কীভাবে শুরু করা যায়, ভাবতে ভাবতে উঠানে নেমে যান কাকা। হরিণের খাঁচার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, রাতে হরিণেরা কি ঘুমায়? হাওয়ায় ভাসিয়ে দেওয়া প্রশ্ন। আব্বা বললেন, জঙ্গলে কী করে, জানা নেই, এখানে ঘুমোতে দেখেছি। এই যে উত্তর আসে, সে উত্তর কথা এগোনোর পথ করে দেয়। কথা এগোতে থাকে হরিণ নিয়ে। হরিণ থেকে কথা দুকদম আগে বাড়ার পর হরিণের ছবি আঁকার প্রসঙ্গ চলে আসে। আচমকা টের পাই, বুকের ভেতর ঢিপ ঢিপ করাটা বেড়ে গেল। কাকা সময় ব্যয় না করে বলা শুরু করলেন, ম্যাভাই, আফজালের ছবি আঁকার হাত তো খুব ভালো।
এ বাড়িতে এ পরিবারে এমন ঘটনা আগে ঘটেনি। আব্বা জব্বারকে ডাকেন, ডেকে উঠানে তিনটি চেয়ার দিতে বললেন। চেয়ার পাতা হলে ডাকলেন আম্মাকে। নাম, সম্বোধন ছাড়া ডাক।
উঠোনে তিনজন বসেছেন। এমন দৃশ্য কখনো দেখা হয়নি বলে আমার বুক ঢিপ ঢিপ আরও বাড়ে। আম্মাকে ডেকে নিয়ে বসানো হয়েছে, তার মানে নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হবে। সে কথা কোথায় গিয়ে ঠেকবে, ঠেকতে পারে অনুমানের চেষ্টা করি।
আব্বা খুব ভালো মেজাজে রয়েছেন। আর্ট কলেজে ভর্তি করা বিষয়ে কথা ওঠে। তা শুনে একটা প্রশ্ন করা হলো কাকাকে। কাকা তার সরাসরি উত্তর না দিয়ে একবার বলা কথা আব্বাকে আরও একবার জোর দিয়ে বলেন, খুব ভালো ছবি আঁকে সে।
আব্বা অঙ্ক পরীক্ষার খাতায় বড় করে দেখা সেই শূন্যের কথা ভোলেননি। ভোলেননি হেড স্যারের সামনে তিনি বসে রয়েছেন। স্যার সেই বড় শূন্য আঁকা খাতাটা তাঁর দিকে এগিয়ে দিলেন।
আব্বা বোধ হয় জানেন, আমি শুনছি অথবা তা না ভেবেই আলতাফ কাকাকে বললেন, যোগ্যতা আছে বলেই তুমি লন্ডনে পড়তে গেছ। ওকে বলে বোঝাও, ঢাকায় গিয়ে পড়াশোনা করতেও যোগ্যতা লাগবে। আব্বার চেহারা বা কণ্ঠস্বরে সামান্য বিরক্তি বা রাগ দেখা যায় না। কথায় কথা শেষ না হওয়া সুর ছিল। সেই রাত্রি, উঠান, আম্মা, কাকা আর এদিকে আমি—সবাই অপেক্ষা করি তারপর কী বলবেন?
একটু দূরে দাঁড়িয়ে সবার জন্য হাতপাখা দিয়ে বাতাস করছিল জব্বার। অন্য সময়, বা তিনজন না হলে কাকা নিশ্চয়ই তাকে মানা করতেন অথবা পাখা টেনে নিয়ে নিজেই বাতাস করতেন।
পূর্ব দিকে, অর্থাৎ আব্বার পেছনে গোলাঘর, তারপর উঁচু পাঁচিল। পাঁচিলের বাইরে সার বেঁধে দাঁড়ানো নারকেলগাছ। একটা গাছের পাতায় সন্ধ্যার পর থেকে মুখ গোমড়া করে প্যাঁচা বসা ছিল। সে হঠাৎ এই অপেক্ষার সময়টা লন্ডভন্ড করে দিতে কর্কশ স্বরে চেঁচামেচি শুরু করে দেয়। বিরক্ত হয় জব্বার। সেই প্যাঁচার দিকে ঘুরে তালপাখা দিয়ে দুবার হুস করে। উড়ে গেল না, ডাক থামিয়েছে প্যাঁচা। তাকে উড়িয়ে ছাড়বে বলে জব্বার এগিয়ে যায়।
পেছন দিকে হুস হলো আরও জোরে। কারও কানে সে হুস যায় না। সবার হুস তখন অন্যদিকে, অন্যজনের দিকে তাকিয়ে। যাঁর দিকে তিনি প্যাঁচাটা গেছে না আছে ঘুরে দেখেন, তারপর পরিবারের বাইরের যেকোনো মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন, তেমন হাস্যোজ্জ্বল মুখে বলেন, অসুবিধা নেই, যেখানে বলো ভর্তি করানো যাবে। সামনে টেস্ট পরীক্ষা, অঙ্কে আমাকে অন্তত ষাট পেয়ে দেখাক সে।
(চলবে)
অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]