আমার বাবা: সরদার স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরদার ফজলুল করিম। জন্ম: ১মে ১৯২৫, বরিশাল। মৃত্যু: ১৫ জুন, ২০১৪
সরদার ফজলুল করিম। জন্ম: ১মে ১৯২৫, বরিশাল। মৃত্যু: ১৫ জুন, ২০১৪

আমার বাবা সরদার ফজলুল করিম। ছোটবেলা থেকেই জেনেছি সবার প্রিয় সরদার ভাই-সরদার স্যার আমার বাবা। বাবার সঙ্গে আমার প্রথম দেখা কারাপ্রাচীরের ভেতর। আমার বাবা তখন রাজবন্দী। এই শব্দটা শিখিয়েছেন আমার মা। মায়ের হাত ধরে বাবাকে দেখতে যেতাম কারাগারে। ছোটবেলার স্মৃতিতে খুব অবাক করা ব্যাপার হলো সে সময় (১৯৫৮-১৯৬২) কারাগারে কয়েদিদের বন্ধুত্বপূর্ণ আচরণ! তাঁরা আমার মাকে উপহার দিয়েছেন বেতের মোড়া। কখনো কারাগারটাকে খুব ভীতিপ্রদও কিছু মনে হয়নি। কারণ বোধহয় আমার বাবার আপন করে নেওয়ার ক্ষমতা—সেন্ট্রি, কয়েদি সবাইকে।

আমার চার বছর বয়সে বাবা জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এল 'মুক্ত মানুষ' হয়ে। ছোটবেলা থেকেই 'বন্দী বাবা' ছিল আমার কাছে 'অবাক বিস্ময়'। তাই যখন মুক্ত বাবা পরিবারের একজন সদস্য হলো, আমি তার কাছে যেতে চাইতাম। কেমন করে বাবা আমাকে কাছে টানল, সেসব এখন আমার কাছে হারানো স্মৃতি।

তবু মনে পড়ে, রাতের বেলায় ঠাকুরমার ঝুলি থেকে গল্প শোনাত বাবা। কোনো কোনো সময় 'fairy tales'-এর ইংরেজি সংস্করণ সে প্রথমে ইংরেজিতে, পরে বাংলায় অনুবাদ করে শোনাত। আমি ঘুমিয়ে যেতাম। সে যখন ১৯৬২-তে জেল থেকে ছাড়া পেল, আমার মা তখন মতিঝিল সরকারি (কেন্দ্রীয়) বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষয়িত্রী; মায়ের নামে বরাদ্দ ছিল মতিঝিলের এজিবি কলোনিতে দুই রুমের কোয়ার্টার। সেই ছোট্ট দুরুমের বাসা এখনো আমার কাছে 'স্বর্গ' বলে মনে হয়। সকালবেলায় বাবা আমাকে ঘুম থেকে উঠিয়ে কোনো কোনো দিন হাঁটতে বেরোত—গাছ চেনাত, শিউলি ফুল কুড়ানো শেখাত।

তখন কমলাপুর রেলস্টেশন তৈরি হয়নি। বাবার হাত ধরে চলে গেছি কমলাপুরের অনেক ভেতরে, সেখানে ছিল বৌদ্ধ মন্দির। প্রায় ছুটির দিনে আমদের তিন ভাইবোনকে নিয়ে যেত রমনা পার্কে। তখন চিড়িয়াখানাও ওখানে ছিল। শীতকালের ছুটিটা ছিল আমার সাংঘাতিক প্রিয়; পড়াশোনা নেই, আর পরীক্ষার ভালো ফল করার চাপও নেই। ফলাফলের ব্যাপারে বাবার মতামত ছিল: প্রথম-দ্বিতীয় হওয়ার দরকার নেই, ভালোভাবে পড়ে শ্রেণিতে উঠে যাওয়াটাই প্রয়োজন।

স্ত্রীর সঙ্গে সরদার ফজলুল করিম
স্ত্রীর সঙ্গে সরদার ফজলুল করিম

আমার বাবার কারণেই আমি সব বিশিষ্ট ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছি—এ আমার পরম সৌভাগ্য। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন কাকু, কমরেড অনিল মুখার্জি, কচিকাঁচার দাদাভাই রোকনুজ্জামান, 'ধান শালিকের দেশ'-এর সম্পাদক হাসানুজ্জামান, বিজ্ঞানী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বিলেতের আবদুল মতিন, দার্শনিক সাইদুর রহমান এবং ছায়ানটের সন্জীদা খালা—আমার বাবার জন্যই অবলীলায় তাঁদের কাছে পৌঁছে গেছি। সত্তরের দশকে সমাজতন্ত্র-রাশিয়া-সোভিয়েত ইউনিয়ন ছিল আমার আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিশোর মনকে সে প্রভাবিত করেছিল। রুশ সাহিত্যের জানালাটা খুলে দিয়েছিল।

আমাদের বইয়ের আলমারিতে ছিল ম্যাক্সিম গোর্কির 'মা', 'আমার ছোটবেলা', 'পৃথিবীর পাঠশালায়', 'পৃথিবীর পথে'। সমাজতন্ত্রের প্রয়োজন কেন—একটু একটু করে বুঝতে শিখেছি। একদিন আকাশ ভাই, আব্বার 'প্রিয় আকাশ' ঢাকা মেডিকেল চত্বরে অনুরোধ করেছিল ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার জন্য। একমুহূর্তের জন্য দ্বিধা করিনি। কারণ সমাজতন্ত্রের দীক্ষা তো বাবা আগেই দিয়ে রেখেছিল।

পরিবারের সঙ্গে
পরিবারের সঙ্গে

'৭১-এর সেপ্টেম্বরে বাংলা একাডেমি থেকে পাকিস্তানি আর্মিরা বাবাকে ধরে নিয়ে গেল। বন্দী করে রাখল কেন্দ্রীয় কারাগারে। সে সময় মতিঝিলে আমাদের ছোট পরিবারটি সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। আমার মা অনেক ঝামেলা করে বাবার সঙ্গে দেখা করার অনুমতি পেল। বাবাকে দেখেছিলাম হাতকড়া পরা অবস্থায়। তখনো তাঁকে দেখেছি অবিচল এবং শান্ত। সেই অবয়ব এখনো আমার চোখে ভাসে। জেলখানা থেকে ভীষণ সুন্দর একটা চিঠি আমার উদ্দেশে লিখেছিল। তা আমাকে দুঃসময়ে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল।

বাবা ১৯৬৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলা একাডেমিতে কর্মরত ছিল। সে সময় সে একজন সাধারণ চাকরিজীবী। সকালবেলায় বাজারের থলে নিয়ে ফকিরাপুলে বাজার করতে যেত। বাজার করে বাসায় এসে শার্ট-প্যান্ট পরে বাংলা একাডেমি ছুটত। অনুবাদ বিভাগে চাকরি। তার হাত ধরেই ছায়াঘেরা বর্ধমান হাউস বাংলা একাডেমিতে গিয়েছি। সে সময় আমি সদ্য কিশোরী। বাবার যে দিকটা আলোড়িত করেছে, তা হলো তার অসম্ভব সাংগঠনিক ক্ষমতা। বর্ধমান হাউস প্রাঙ্গণে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছিল, তা স্বাধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই সব অনুষ্ঠানগুলোর সামগ্রিক পরিকল্পনা ও বাস্তবায়নে নিভৃতে, নীরবে মঞ্চের পেছন থেকে বাবা মুখ্য ভূমিকা পালন করত। সেই উত্তাল সময়ে মানুষের ঢল নামত বাংলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে।

যুবক বয়সের সরদার ফজলুল করিম
যুবক বয়সের সরদার ফজলুল করিম

বাবার কাছে আমি কৃতজ্ঞ, চিরঋণী। সে-ই আমাকে চিনিয়েছে একুশের শহীদ মিনার, বাংলা একাডেমির বইমেলা, রুশ সাংস্কৃতিক কেন্দ্র এবং কচিকাঁচার মেলা। আমাদের হাতে তুলে দিয়েছে 'সঞ্চিতা', 'সঞ্চয়িতা', 'চিলড্রেনস এনসাইক্লোপিডিয়া', কোরআন শরিফ, গীতা, 'গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি'-এর মতো গ্রন্থগুলো; রেকর্ড বাজিয়ে শুনিয়েছে রবীন্দ্রসংগীত, সেকালের আধুনিক গান। সিনেমার টিকিট কিনে নিয়ে গেছে গুলিস্তানের সেই বিখ্যাত নাজ সিনেমা হলে, দেখেছি 'আঙ্কেল টম'স কেবিন', 'গানস অব নাভারন', সুভাষ দত্তের 'সুতরাং' প্রভৃতি। আমাকে চেনাল মঞ্চনাটক। রুশ সাংস্কৃতিক কেন্দ্রে দেখলাম মঞ্চনাটক গোর্কির 'মা'; এখনো মনে আছে পাভেল চরিত্রে অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেন।

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞান পড়ার জন্য বাবা আমাকে কৌশলে উদ্বুদ্ধ করেছিল। বলেছিল, 'মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে হিউম্যান অ্যানাটমি জানবা, মানুষের চিকিৎসা করতে পারবা—এটা একটা বিশাল সুযোগ।' আমার তখন ফার্মেসি পড়বার ভীষণ শখ। বাবা একদিন রিকশা করে নিউমার্কেট নিয়ে গেল, 'গ্রেস অ্যানাটমি' কিনে দিল। আমি পরের দিন ঢাকা মেডিকেল কলেজের চত্বরে পা রাখলাম। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবার সুযোগ যখন পেয়েছি, সব সময় তাঁর কাছ থেকে উৎসাহ পেয়েছি। পারিবারিক নানা দোটানার মাঝে তিনি শিখিয়েছেন যে অসংখ্য ঘাত-প্রতিঘাতের মাঝেই আমাদের বেঁচে থাকতে হবে—এটাই জীবনের অভিধান।

১ মে ২০১৪ বাবার ৮৯তম জন্মদিনে কয়েকজন গুণমুগ্ধ তরুণ তার সঙ্গে সময় কাটিয়েছিল; সে সময় তার চোখে-মুখে ছিল এক উজ্জ্বল আলোর আভা। তারুণ্যের সান্নিধ্য ছিল তার ভীষণ কাঙ্খিত। আশা করি, সেই তরুণ প্রজন্মই তার চিন্তা-চেতনা ধারণ করবে এবং তারাই সরদার ফজলুল করিমকে উপস্থিত করবে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের কাছে।

লেখক: চিকিৎসক